ঢাকা | খ্রি.

ইতালির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডে বাংলাদেশের আব্দুল্লাহ আল মারুফ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2026 ইং | Photo Card
ইতালির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডে বাংলাদেশের আব্দুল্লাহ আল মারুফ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

ইতালির ঐতিহ্যবাহী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘ভার্সি ডি লুচে ফেস্টিভ্যাল ২০২৬’-এর জুরি বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র সংগঠক আব্দুল্লাহ আল মারুফ। আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবে তার অন্তর্ভুক্তিকে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

আগামী ৩ থেকে ১০ অক্টোবর ইতালির সিসিলিতে অনুষ্ঠিত হবে ‘ভার্সি ডি লুচে ফেস্টিভ্যাল ২০২৬’। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেওয়া চলচ্চিত্র ও নির্মাতাদের মধ্য থেকে সেরা সৃষ্টিগুলো মূল্যায়নের জন্য তিন দেশের প্রতিনিধিদের সমন্বয়ে তিন সদস্যের জুরি বোর্ড গঠন করেছে উৎসব কর্তৃপক্ষ।

জুরি বোর্ডের অন্য দুই সদস্য হলেন ইতালির ফ্রাঙ্কো পেস ও জার্মানির বির্গিট চেশকা। উৎসব কমিটির বিশেষ আমন্ত্রণে আগামী ৩ অক্টোবর সিসিলির উদ্দেশে রওনা হবেন আব্দুল্লাহ আল মারুফ।

বর্তমানে তিনি বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলন, চলচ্চিত্র প্রদর্শনী, উৎসব আয়োজন এবং বিভিন্ন আন্তর্জাতিক কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন তিনি।

এ ছাড়া ২০১৬ সাল থেকে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের অস্কার বাংলাদেশ কমিটির সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন আব্দুল্লাহ আল মারুফ।

উল্লেখ্য, ‘ভার্সি ডি লুচে ফেস্টিভ্যাল’ ইতালির একটি আন্তর্জাতিক উৎসব, যেখানে চলচ্চিত্রের পাশাপাশি শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন মাধ্যমকে গুরুত্ব দেওয়া হয়। বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র ও সংস্কৃতির প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এই উৎসবে বাংলাদেশের একজন চলচ্চিত্র সংগঠকের জুরি সদস্য হিসেবে দায়িত্ব পাওয়া দেশের চলচ্চিত্র সংস্কৃতির আন্তর্জাতিক পরিসরে উপস্থিতিকে আরও দৃশ্যমান করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আব্দুল্লাহ আল মারুফের এ অর্জনে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজসহ দেশের চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স