টালিপাড়ার একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ডিসেম্বরেই বিয়ের আয়োজন হতে পারে মিমি চক্রবর্তীর। আর সেই অনুষ্ঠান চোখজুড়ানো পাহাড়ঘেরা কালিম্পংয়ে হওয়ার সম্ভাবনার কথাও উঠে এসেছে।
মিমির সম্ভাব্য জীবনসঙ্গী কে—এ নিয়েও চলছে আলোচনা। গুঞ্জন অনুযায়ী, তিনি বিনোদন জগতের কেউ নন; ভারতের নৌবাহিনীতে কর্মরত একজন ব্যক্তি। তার নাম সিদ্ধার্থ বলে জানা যাচ্ছে। তবে এটিই আপাতত গুঞ্জন হিসেবে রয়েছে।
২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিমি চক্রবর্তীর। প্রচলিত ধারার বাইরে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর ‘বোঝে না সে বোঝে না’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি।
অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি ২০১৯ সালে রাজনীতিতেও যুক্ত হন মিমি। ওই বছর যাদবপুর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পান তিনি।
বর্তমানে সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমাসহ একাধিক নতুন কাজের শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন মিমি। তার নতুন সিনেমাটি আগামী দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
পেশাগত ব্যস্ততার মধ্যেই নীরবে বিয়ের প্রস্তুতি চলছে বলে দাবি করছে বিনোদন জগতের একটি বড় অংশ। এদিকে মিমির ভক্তদের ধারণা, শিগগিরই অভিনেত্রী নিজেই বিয়ের সুখবর প্রকাশ করবেন।
নিউজ বাংলা চ্যানেল