ঢাকা | খ্রি.

ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে উচ্চপর্যায়ের বৈঠক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 8, 2026 ইং | Photo Card
ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে উচ্চপর্যায়ের বৈঠক ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো, সড়কে নিরাপত্তা জোরদার এবং যাত্রী ভোগান্তি কমাতে সরকারের উচ্চপর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজধানীর যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নসহ গণপরিবহন খাতের বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ বৈঠকে অংশ নেন।

বৈঠক সূত্রে জানা গেছে, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করার পাশাপাশি গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক ও সনদহীন চালকদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া, সড়কে যান চলাচলের নিয়ম কঠোরভাবে বাস্তবায়ন এবং দুর্ঘটনা কমানোর বিষয়ে আলোচনা হয়।

রাজধানীতে গণপরিবহনের বিশৃঙ্খলা, যাত্রী ওঠানামায় অনিয়ম, চালকদের বেপরোয়া আচরণ এবং সড়কে নিরাপত্তার ঘাটতি দীর্ঘদিন ধরে জনভোগান্তির অন্যতম কারণ। এসব সমস্যা চিহ্নিত করে সমন্বিতভাবে সমাধানের উদ্যোগ নেওয়ার বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, আইন প্রয়োগের পাশাপাশি পরিবহন ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় এবং চালকদের দক্ষতা ও যোগ্যতা নিশ্চিত করা গেলে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো সম্ভব হবে।

বৈঠকে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক চলাচল নিশ্চিত করতে বিদ্যমান ব্যবস্থার সংস্কার এবং প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সড়ক নিরাপত্তা জোরদার করে রাজধানীর পরিবহন ব্যবস্থাকে আরও জনবান্ধব করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০২৭ বিশ্বকাপের ১২ আয়োজক শহরের নাম ঘোষণা

২০২৭ বিশ্বকাপের ১২ আয়োজক শহরের নাম ঘোষণা