ঢাকা | খ্রি.

জাহ্নবী কাপুরের পরিচয় সুরক্ষায় দিল্লি হাইকোর্টের নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2026 ইং | Photo Card
জাহ্নবী কাপুরের পরিচয় সুরক্ষায় দিল্লি হাইকোর্টের নির্দেশ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

অনলাইনে নিজের পরিচয়, ব্যক্তিত্ব ও সুনাম সুরক্ষার দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। তার আবেদনের পরিপ্রেক্ষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ডিপফেক ছবি, ভুয়া অ্যাকাউন্ট ও আপত্তিকর কনটেন্টসহ ৫৫২টি ইউআরএল দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন আদালত।

জাহ্নবীর মামলায় অভিযোগ করা হয়, তার পরিচয় ও ছবি ব্যবহার করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অশালীন ও বিকৃত কনটেন্ট ছড়ানো হচ্ছে। পাশাপাশি ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে তার পরিচয় ব্যবহার এবং বাণিজ্যিকভাবে লাভবান হওয়ারও চেষ্টা চলছে। মামলায় প্রায় সাত হাজার অনলাইন লিংকের বিষয়টি উল্লেখ করা হলেও প্রাথমিকভাবে ৫৫২টি আপত্তিকর ও অশালীন ইউআরএল দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন আদালত।

আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব আপত্তিকর কনটেন্ট দ্রুত সরিয়ে ফেলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তারকা ব্যক্তিত্বের অধিকার রক্ষার ক্ষেত্রে আপত্তিকর কনটেন্ট ও সাধারণ ভক্তদের পরিচালিত ফ্যান পেজের মধ্যে পার্থক্য করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

দিল্লি হাইকোর্ট পর্যবেক্ষণে বলেছেন, কোনো তারকার নামে পরিচালিত সব ফ্যান পেজকে স্বয়ংক্রিয়ভাবে বেআইনি হিসেবে বিবেচনা করা যায় না। এসব পেজে তারকার ছবি, ভিডিও, চলচ্চিত্রসংক্রান্ত তথ্য, প্রশংসা কিংবা সমালোচনা থাকতে পারে। শুধু কোনো তারকার নাম বা ছবি ব্যবহারের কারণেই সব ফ্যান ক্লাব বন্ধ করে দেওয়ার যৌক্তিকতা নেই।

তবে কোনো পেজ বা অ্যাকাউন্টে অশালীন কনটেন্ট প্রচার করা হলে কিংবা কোনো তারকার পরিচয় ব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জনের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে আদালত জানিয়েছেন।

এদিকে, জাহ্নবী কাপুরকে সর্বশেষ তেলেগু ভাষার অ্যাকশনধর্মী সিনেমা ‘পেড্ডি’-তে দেখা গেছে। বুচি বাবু সানা পরিচালিত সিনেমাটিতে রাম চরণ ও শিবরাজ কুমারের সঙ্গে অভিনয় করেছেন তিনি। গত জুনে প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি নেটফ্লিক্সেও প্রকাশিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স