নিজস্ব প্রতিবেদক
পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী একটি স্বাধীন, সার্বভৌম ও টেকসই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ প্রদানের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থনও পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ‘দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য বৈশ্বিক জোট’-এর উচ্চপর্যায়ের মন্ত্রীপর্যায়ের বৈঠকে অংশ নিয়ে তিনি বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে বক্তব্য দেওয়ার সময় শামা ওবায়েদ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাবের দ্রুত ও কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে এ প্রক্রিয়ায় ফিলিস্তিনিদের নিজস্ব মালিকানা নিশ্চিত করার পাশাপাশি সুস্পষ্ট জবাবদিহিতা প্রতিষ্ঠার ওপর জোর দেন।
তিনি গাজায় যেকোনো ধরনের জোরপূর্বক বাস্তুচ্যুতি ও জনসংখ্যাগত পরিবর্তন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি সম্প্রসারণ অবিলম্বে বন্ধ এবং ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় নিয়োজিত জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ-এর আইনি সুরক্ষা ও নিরবচ্ছিন্ন অর্থায়ন নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ দীর্ঘদিন ধরে ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান জানিয়ে আসছে। একই সঙ্গে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার দাবিও জানিয়ে আসছে ঢাকা।
জাতিসংঘের এই বৈঠকে বিভিন্ন দেশের মন্ত্রী, প্রতিনিধি এবং আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে ফিলিস্তিন-ইসরায়েল সংকটের স্থায়ী সমাধানে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
নিউজ বাংলা চ্যানেল