নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে মারা গেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মুশতাক খান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ভারতের মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
মুশতাক খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের (এফডব্লিউআইসিই) সভাপতি বি এন তিওয়ারি। অভিনেতার ব্যবসায়িক অংশীদার শিবম জানান, তার ফুসফুসে ক্যানসার ধরা পড়েছিল। চিকিৎসার পর একসময় তিনি সুস্থও হয়ে উঠেছিলেন। তবে প্রায় আট দিন আগে ফের ক্যানসার শনাক্ত হলে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন ক্যানসার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল বলে জানান তিনি।
শিবম আরও জানান, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অভিনেতার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
চার দশকেরও বেশি সময় ধরে হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন মুশতাক খান। নায়ক হিসেবে নয়, মূলত পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পান তিনি। সাবলীল অভিনয়, স্বতন্ত্র সংলাপ উপস্থাপন ও কমিক টাইমিংয়ের কারণে বড় তারকাদের উপস্থিতির মধ্যেও নিজের জায়গা করে নিয়েছিলেন এই অভিনেতা।
১৯৮০ সালে ‘আলবার্ট পিন্টো কো গুসসা কিঁউ আতা হ্যায়’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মুশতাক খানের। এরপর ‘আশিকি’, ‘দিল হ্যায় কি মানতা নেহি’, ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’, ‘রাজা’, ‘হেরা ফেরি’, ‘গদর: এক প্রেম কথা’, ‘জোড়ি নম্বর ১’, ‘মুঝসে শাদি করোগি’, ‘ওয়েলকাম’, ‘ওয়ান্টেড’ ও ‘ও মাই গড!’সহ বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি।
স্বল্প সময়ের পর্দা উপস্থিতিকেও স্মরণীয় করে তোলার দক্ষতায় হিন্দি চলচ্চিত্রে মুশতাক খান হয়ে উঠেছিলেন দর্শকের পরিচিত ও প্রিয় মুখ।
নিউজ বাংলা চ্যানেল