নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামীকাল সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
শনিবার রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংরক্ষিত নারী আসনে দলের মনোনয়ন পেতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া নারী প্রার্থীদের নির্ধারিত সময়ে সাক্ষাৎকারে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে দলটি।
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের কারণে আসনটি শূন্য হয়। এ আসনে উপনির্বাচনের জন্য গত ১২ অক্টোবর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৭ অক্টোবর মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।
আইন অনুযায়ী, বিএনপির মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্যের পদত্যাগের কারণে আসনটি শূন্য হওয়ায় এ উপনির্বাচনে বিএনপিই প্রার্থী মনোনয়ন দেওয়ার অধিকার রাখে। একাধিক প্রার্থী থাকলে সংশ্লিষ্ট বিধান অনুযায়ী বিএনপি জোটের সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। তবে সংরক্ষিত নারী আসনে সাধারণত একক প্রার্থী থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয় না।
নিউজ বাংলা চ্যানেল