ঢাকা | খ্রি.

পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট ব্যবহার বন্ধে হাইকোর্টের রুল

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং | Photo Card
পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট ব্যবহার বন্ধে হাইকোর্টের রুল ছবির ক্যাপশন:
ad728

নিউজ বাংলা ডেস্ক: পাউরুটি উৎপাদনে বিষাক্ত রাসায়নিক পটাশিয়াম ব্রোমেট (KBrO₃) ব্যবহার বন্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে পাউরুটি বাজারজাত করার সময় প্যাকেটের গায়ে ‘পটাশিয়াম ব্রোমেট ব্যবহার হয়নি’—এমন ঘোষণা কেন বাধ্যতামূলক করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।

সোমবার (১০ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন।

আদালত চার সপ্তাহের মধ্যে খাদ্য সচিব, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআইয়ের মহাপরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের সভাপতিসহ সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সঞ্জয় মণ্ডল। তার সঙ্গে ছিলেন আইনজীবী জাহিদ তালুকদার

গণমাধ্যমের প্রতিবেদন থেকে রিট

গত ১৮ জুলাই একটি জাতীয় দৈনিকে ‘পাউরুটিতে মিলছে ক্যানসারের উপাদান’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে ২৬ জুলাই মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশন (এমএইচআরজিএফ) রিট আবেদন করে।

রিটে পাউরুটি ও বেকারি পণ্যে পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধ, উৎপাদন ও বাজারজাতকরণের সময় এ-সংক্রান্ত ঘোষণা বাধ্যতামূলক করা এবং উপকরণের তালিকা স্পষ্টভাবে উল্লেখ নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়।

আদেশের পর আইনজীবী সঞ্জয় মণ্ডল সাংবাদিকদের বলেন, “পাউরুটিতে বিষাক্ত রাসায়নিক পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে আদালত রুল জারি করেছেন। পাশাপাশি প্যাকেটের গায়ে ‘পটাশিয়াম ব্রোমেট ব্যবহার হয়নি’ ঘোষণা বাধ্যতামূলক করার বিষয়েও ব্যাখ্যা চেয়েছেন।”

২০২২ সালেই নিষিদ্ধ করেছিল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

রিটে উল্লেখ করা হয়, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, চীন, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বিশ্বের ৪০টিরও বেশি দেশে পটাশিয়াম ব্রোমেট নিষিদ্ধ। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ২০২২ সালে খাদ্যপণ্যে পটাশিয়াম ব্রোমেট ও পটাশিয়াম আয়োডেটের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করে। তবুও বিভিন্ন বেকারি ও পাউরুটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে এর ব্যবহার অব্যাহত রয়েছে বলে অভিযোগ করা হয়।

২০২১ সালের পরীক্ষায় উদ্বেগজনক তথ্য

২০২১ সালে ঢাকা শহরের বিভিন্ন এলাকার ১৯টি পাউরুটির নমুনা পরীক্ষা করে ১৬টিতে (৮৪ শতাংশ) মাত্রাতিরিক্ত পটাশিয়াম ব্রোমেট পাওয়া যায়। নমুনাগুলোতে এর মাত্রা ছিল ৩.৩১ থেকে ১২.৯১ পিপিএম

সেই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রুটি, পাউরুটি ও বেকারি পণ্যে পটাশিয়াম ব্রোমেট (KBrO₃) ও পটাশিয়াম আয়োডেট (KIO₃) ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে এবং উৎপাদন, মজুত, পরিবহন ও বিক্রিতে এসব উপাদানযুক্ত পণ্য থেকে বিরত থাকার নির্দেশ দেয়।

ক্যানসারের ঝুঁকি

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তথ্যমতে, পটাশিয়াম ব্রোমেট ক্লাস ২বি কারসিনোজেন, যা ক্যানসারের ঝুঁকি সৃষ্টি করতে পারে। এটি একটি জেনোটক্সিক কারসিনোজেন, যা জিনগত পরিবর্তন ও মিউটেশন ঘটাতে সক্ষম। এ ছাড়া থাইরয়েডের সমস্যা, বমিভাব, ডায়রিয়া, পেটের পীড়াসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

রিটে আরও বলা হয়, বাংলাদেশে ভেজাল ও অনিরাপদ খাদ্যের কারণে লাখো মানুষ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে এবং প্রতি বছর ক্যানসারে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অনেক বেকারিতে মান নিয়ন্ত্রণ ছাড়াই পাউরুটি উৎপাদন করা হচ্ছে।

বিএসটিআইয়ের নীতিমালার পরিবর্তন

বিএসটিআই ২০১৬ সালে পাউরুটির মান নির্ধারণের সময় সীমিত মাত্রায় পটাশিয়াম ব্রোমেট ব্যবহারের অনুমতি দিলেও ২০১৮ সালে আন্তর্জাতিক মান অনুসরণ করে পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট ও পটাশিয়াম আয়োডেটের ব্যবহার নিষিদ্ধ করে।

সংশ্লিষ্টরা বলছেন, খামির দ্রুত ফুলানো, পাউরুটিকে আকর্ষণীয়ভাবে স্ফীত করা এবং উৎপাদন ব্যয় কমানোর জন্য অতীতে কিছু বেকারিতে এ রাসায়নিক ব্যবহার করা হতো।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫ সালেও কিছু নমুনায় পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি পাওয়া গেছে এবং এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন ও ডাটাবেজ প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি কয়েকটি নমুনায় ক্যালসিয়াম প্রোপিওনেট অনুমোদিত মাত্রার চেয়ে বেশি পাওয়া গেছে, যা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স