উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এওয়ে ম্যাচ খেলতে বেলজিয়ামে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে তাদের সমর্থনের কোনো কমতি হবে না৷ কারণ গ্যালারিতে উপস্থিত থাকবে তাদের ঘরের মাঠের সমর্থকরাও।
ক্লাব ব্রুগের বিপক্ষে ম্যাচটিতে নিজেদের প্রিয় দলকে সমর্থন জানানোর জন্য স্পেন থেকে বেলজিয়ামে উড়ে গেছেন বার্সেলোনার ১৩০০ জন সমর্থক। বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় ক্লাব ব্রুগের মুখোমুখি হওয়ার কথা বার্সেলোনার।
বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, ক্লাবের ৬৯০ জন সদস্য ও সমর্থকদের মধ্যে আরও ৬১০ বুধবার রাতে বেলজিয়ামের ইয়ান ব্রেইডেল স্টেডিয়ামে উপস্থিত থাকবেন।
এর বাইরে বেলজিয়ামে থাকা বার্সেলোনার সমর্থক ফোরামগুলোও গ্যালারি মাতাবে। ৮টি অফিসিয়াল সমর্থক ফোরাম থেকে অন্তত ১৯৭ জন সদস্য ম্যাচটি গ্যালারিতে বসে দেখবেন।
এছাড়া জার্মানির স্টুটগার্ট থেকে পেনায়া ব্লাউগ্রানার ৩৫ জন, রুজেনডালের পেনায়া বার্সেলোনিস্তা থেকে ৩৫ জন ও প্যারিসের পেনায়া ব্লাউগ্রানা থেকে আরও ৩৫ জন সদস্য গ্যালারিতে থেকে দলের জন্য গলা ফাটাবেন।
চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুগের মাঠে এখন পর্যন্ত একটি ম্যাচই খেলেছে বার্সেলোনা। ২০০২-২৩ মৌসুমের ওই ম্যাচে আর্জেন্টাইন কিংবদন্তি হুয়ান রিকেলমের গোলে জিতেছিল স্প্যানিশ জায়ান্টরা।
চলতি টুর্নামেন্টে প্রথম তিন ম্যাচের দুইটি জিতেছে বার্সেলোনা। ৬ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের ১২ নম্বরে তারা। ব্রুগের বিপক্ষে জিততে পারলে লম্বা লাফ দেবে হানসি ফ্লিকের দল।
খবর- যায়যায়দিন
নিউজ বাংলা চ্যানেল