নিজস্ব প্রতিবেদক
ভোরের আলো ফুটতেই হঠাৎ কালো মেঘে ঢেকে যায় রাজধানীর আকাশ। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় ঝোড়ো হাওয়া। এরপর নেমে আসে মুষলধারে বৃষ্টি। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর রামপুরা, বনশ্রী, নতুন বাজার, মিরপুর, পল্লবীসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে জনজীবনে ভোগান্তি দেখা দেয়।
ছুটির দিন শেষে সপ্তাহের প্রথম কর্মদিবসে সকালে এমন আকস্মিক বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে যানবাহনের গতি কমে যায়। গণপরিবহনের সংকটেও অনেককে দীর্ঘসময় রাস্তায় অপেক্ষা করতে দেখা যায়।
পথচারীরা জানান, বৃষ্টি শুরুর আগে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র ঝোড়ো বাতাস বয়ে যায়। পরে বৃষ্টি শুরু হলে বাতাসের গতি কিছুটা কমলেও থেমে থেমে বিজলি চমকানো ও বিকট বজ্রপাতে নগরজুড়ে এক ধরনের থমথমে পরিস্থিতি তৈরি হয়। হঠাৎ আবহাওয়ার এমন পরিবর্তনে অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য বিভিন্ন স্থানে অবস্থান নেন।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র আগেই ঢাকাসহ আশপাশের এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। পূর্বাভাসে বলা হয়, রোববার দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার মধ্যে ঢাকা ও এর আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। তবে এর আগের ছয় ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
আবহাওয়ার আকস্মিক পরিবর্তনে রাজধানীতে গরমের তীব্রতা কিছুটা কমলেও সকালের তুমুল বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। কর্মদিবসের শুরুতেই বৃষ্টি ও গণপরিবহনের সংকটে অনেককে নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে দুর্ভোগ পোহাতে হয়।
নিউজ বাংলা চ্যানেল