ঢাকা | খ্রি.

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2026 ইং | Photo Card
ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। বুধবার (৯ সেপ্টেম্বর) তিনি পদত্যাগ করেন। ডব্লিউএইচও ও বাংলাদেশ কর্তৃপক্ষের পক্ষ থেকে তার বিরুদ্ধে ওঠা প্রতারণা ও অনিয়মের অভিযোগের তদন্তের মধ্যেই এ সিদ্ধান্তের কথা জানা গেল।

পুতুলের পদত্যাগকে শেখ হাসিনার রাজনৈতিক পতনের পর তার পরিবারের ওপর এর প্রভাব বিস্তারের একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার ঘনিষ্ঠ রাজনৈতিক ও প্রশাসনিক সহযোগীদের অনেকেই বাংলাদেশে বিভিন্ন ফৌজদারি ও দুর্নীতির মামলার মুখোমুখি হয়েছেন। আবার অনেকে দেশের বাইরে অবস্থান করছেন।

২০২৪ সালের শুরুর দিকে পাঁচ বছরের মেয়াদে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন সায়মা ওয়াজেদ। তবে পরবর্তী সময়ে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে। গত বছরের শেষ দিকে তাকে বিনা বেতনে প্রশাসনিক ছুটিতে পাঠায় ডব্লিউএইচও। এর আগে জুলাই মাসেও তাকে ছুটিতে পাঠানো হয়েছিল বলে জানা যায়।

শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) পুতুলের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আনে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই তার বিষয়ে ডব্লিউএইচওর অভ্যন্তরীণ তদন্তের বিষয়টি সামনে আসে।

ডব্লিউএইচওর কাছে পুতুলের আইনজীবীদের পাঠানো এক চিঠিতে বলা হয়, সংস্থাটি তার বিরুদ্ধে চীন সফরসংক্রান্ত আর্থিক প্রতারণা এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দেওয়ার অভিযোগ এনেছিল। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সায়মা ওয়াজেদ।

ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রিয়েসুসের কাছে পাঠানো পদত্যাগপত্রে পুতুল আরও উল্লেখ করেন, সংস্থাটি অভিযোগ করেছে যে তিনি বাংলাদেশে অবৈধভাবে জমি অধিগ্রহণ করেছিলেন। তবে এ অভিযোগও তিনি প্রত্যাখ্যান করেন।

পদত্যাগপত্রে পুতুলের দাবি, ডব্লিউএইচওতে যোগ দেওয়ার আগেই তিনি ওই জমির মালিকানা পেয়েছিলেন। তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও তার নানা শেখ মুজিবুর রহমানের পরিবারের জন্য প্রযোজ্য একটি আইনের আওতায় তিনি ওই জমির বৈধ মালিক ছিলেন।

তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অস্বীকার করলেও তদন্তের মধ্যে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ থেকে পুতুলের সরে দাঁড়ানোর ঘটনা শেখ হাসিনা-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুবাইয়ে ল’ফার্ম নিয়োগ, বেনজীরের জামিন বাতিলে আইনি উদ্যোগ

দুবাইয়ে ল’ফার্ম নিয়োগ, বেনজীরের জামিন বাতিলে আইনি উদ্যোগ