ঢাকা | খ্রি.

হারুন-অর-রশীদসহ পুলিশের আট কর্মকর্তা বরখাস্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2026 ইং | Photo Card
হারুন-অর-রশীদসহ পুলিশের আট কর্মকর্তা বরখাস্ত ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার ও আলোচিত সাবেক গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদসহ পুলিশের আট কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে হারুন-অর-রশীদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক আটটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বরখাস্ত হওয়া অন্য কর্মকর্তারা হলেন রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান, রাজশাহী ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি, লক্ষ্মীপুরের সাবেক পুলিশ সুপার মো. তারেক বিন রশিদ, নৌ পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর হাছান, ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার ফারহানা তাসকিন, মো. মনিরুজ্জামান ও কাজী মিজানুর রহমান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপিতে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালনকালে হারুন-অর-রশীদ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তার বর্তমান ও স্থায়ী ঠিকানায় এবং ই-মেইলের মাধ্যমে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কর্মস্থলে ফিরে আসেননি।

এ ঘটনায় পুলিশ সদর দপ্তরের সুপারিশের পরিপ্রেক্ষিতে গত ১৫ এপ্রিল তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো লিখিত জবাব দেননি। পরে ২২ জুন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। ৬ আগস্ট দাখিল করা তদন্ত প্রতিবেদনে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(গ) বিধি অনুযায়ী তার বিরুদ্ধে কর্মস্থল ত্যাগের অভিযোগ প্রমাণিত হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এরপর ২০ আগস্ট দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও হারুন-অর-রশীদ কোনো জবাব দেননি। চাকরি থেকে বরখাস্তের মতো গুরুদণ্ড দেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত চাওয়া হলে কমিশন গত ১ অক্টোবর তাকে বরখাস্তের সুপারিশ করে।

বিভাগীয় মামলার নথি, তদন্ত প্রতিবেদন ও পিএসসির মতামত পর্যালোচনা করে কর্তৃপক্ষ অভিযোগ প্রমাণিত হয়েছে বলে সিদ্ধান্ত নেয়। পরে ২৫ অক্টোবর রাষ্ট্রপতি বরখাস্তের সিদ্ধান্তে অনুমোদন দেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, হারুন-অর-রশীদের বরখাস্তের আদেশ ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কার্যকর হবে।

পুলিশের আলোচিত এই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় প্রক্রিয়া শেষে নেওয়া সিদ্ধান্তের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তার সরকারি চাকরির অবসান ঘটল।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন