নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হককে ভয়ভীতি দেখিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। একই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার ও উপাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) নাজমুল হোসাইনকে শারীরিকভাবে নাজেহাল করার অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সরকারের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কী হচ্ছে?’
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান দাবি করেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েকজন ব্যক্তি জোরপূর্বক রামেবির উপাচার্যের অস্থায়ী কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় উপাচার্যের ব্যক্তিগত পিএস নাজমুল হোসাইনকে শারীরিকভাবে নাজেহাল করা হয়। পরে উপাচার্যকে ভয় দেখিয়ে ও হুমকি দিয়ে তার কাছ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়া হয় বলে তিনি উল্লেখ করেন।
এর আগে মানববন্ধন করে উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি এবং স্লোগান দেওয়ার কথাও পোস্টে উল্লেখ করেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান আরও বলেন, উপাচার্যের ভাষ্য অনুযায়ী, এর আগেও কয়েক দফায় একই ব্যক্তিরা বিশৃঙ্খল আচরণ ও হুমকি-ধমকি দিয়েছেন। ঘটনার পর উপাচার্য সংবাদ সম্মেলন করে পরিস্থিতি এবং কথিত ‘ভীতিকর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের’ বিবরণ তুলে ধরেন। একই সঙ্গে বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীকে অবহিত করেছেন বলেও জানান তিনি।
রামেবির চলমান পরীক্ষা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন পরীক্ষা চলমান রয়েছে। এসব পরীক্ষাসংক্রান্ত কাজে ব্যবহৃত কম্পিউটারের সিপিইউ চুরি করে নেওয়া হয়েছে বলে উপাচার্য অভিযোগ করেছেন।
স্বাস্থ্য খাতে সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, এর আগেও বিভিন্ন ধরনের ‘মব’ তৈরি করা হয়েছে। রাজধানীতে হাসপাতাল ভাঙচুর, মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়া এবং বিভিন্ন স্থানে চিকিৎসাকর্মীদের নানাভাবে নাজেহাল করার অভিযোগও তুলে ধরেন তিনি। ঢাকার রাড্ডা মেডিকেল সেন্টার ভাঙচুর, লুটপাট ও অবৈধ দখলের চেষ্টার অভিযোগও তার পোস্টে উঠে আসে।
এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সরকারের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন বিরোধীদলীয় নেতা। তার অভিযোগ, স্বাস্থ্য খাতে এ ধরনের ‘মব’ তৈরির পেছনে অনেক ক্ষেত্রে ‘হালুয়া-রুটির ভাগ-বাটোয়ারা’ কাজ করেছে বলে সংবাদমাধ্যমে খবর এসেছে।
তিনি সতর্ক করে বলেন, এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ড দেশের স্বাস্থ্য খাতকে আরও সংকটের দিকে ঠেলে দেবে এবং এর চূড়ান্ত ভোগান্তি পোহাতে হবে সাধারণ মানুষকে।
নিউজ বাংলা চ্যানেল