এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের মালবাজার মহকুমার কাছে তিস্তা নদীর ১২ নম্বর স্পারের আশপাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নদীতে মাছ ধরার সময় দুই জেলের নজরে আসে প্রবল স্রোতে একটি হাতিশাবক ভেসে যাচ্ছে। স্রোতের সঙ্গে লড়াই করে পানিতে টিকে থাকার চেষ্টা করছিল শাবকটি।
বিপদ বুঝতে পেরে নিজেদের নিরাপত্তার কথা না ভেবে নৌকা ঘুরিয়ে হাতিশাবকটির দিকে এগিয়ে যান দুই জেলে। তীব্র স্রোতের মধ্যেই প্রায় তিন কিলোমিটার নৌকা চালিয়ে তারা শাবকটির পিছু নেন। একপর্যায়ে শাবকটিকে নৌকায় তুলে নিরাপদে তীরে নিয়ে আসতে সক্ষম হন তারা।
হাতিশাবকটি উদ্ধারের পর বিষয়টি স্থানীয় বন বিভাগকে জানানো হয়। খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে শাবকটির দেখভাল শুরু করে। পরে বন বিভাগের সহায়তায় সেটিকে মায়ের সঙ্গে পুনরায় মিলিয়ে দেওয়া হয়।
দুই জেলের এই সাহসী উদ্ধার তৎপরতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি ব্যাপকভাবে আলোচনায় আসে।
সূত্র: এনডিটিভি
নিউজ বাংলা চ্যানেল