ঢাকা | খ্রি.

সাত দফা দাবি আদায়ে কাল ১৯ জেলায় জামায়াতসহ ১১ দলের লংমার্চ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2026 ইং | Photo Card
সাত দফা দাবি আদায়ে কাল ১৯ জেলায় জামায়াতসহ ১১ দলের লংমার্চ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

জনগণের ব্যাপক অংশগ্রহণে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) তৃতীয় দফার লংমার্চ সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। জনগণের সাত দফা দাবি আদায় এবং সরকারের ব্যর্থতা ও প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে খুলনা, যশোর, ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া পর্যন্ত এ লংমার্চ অনুষ্ঠিত হবে। এতে ১৯ জেলার নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণের পাশাপাশি প্রায় দেড় হাজার গাড়ি যুক্ত হওয়ার প্রত্যাশা করছে আয়োজকরা।

শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গোলাম পরওয়ার। লংমার্চের প্রস্তুতি ও কর্মসূচির বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, প্রায় ৪১০ কিলোমিটার দীর্ঘ এ কর্মসূচি আগের দুটি কর্মসূচির তুলনায় সবচেয়ে দীর্ঘ। সাত দফা দাবির পক্ষে জনমত গঠন এবং সরকারের ব্যর্থতা জনগণের সামনে তুলে ধরাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

সাত দফা দাবিতে গুরুত্ব

সংবাদ সম্মেলনে ঘোষিত সাত দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ।

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি জানিয়ে গোলাম পরওয়ার বলেন, একই দিনে অনুষ্ঠিত দুটি ভোটের একটির ভিত্তিতে প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য নির্বাচিত হলেও অন্যটির ফলাফল অস্বীকার করা জনগণের সঙ্গে বিশ্বাসভঙ্গের শামিল। আগামী ৯ নভেম্বর অনুষ্ঠেয় সংসদ অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের মাধ্যমে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, জুলাই আন্দোলনে সহস্রাধিক মানুষ নিহত এবং প্রায় ৪০ হাজার মানুষ আহত হয়েছেন। এসব ঘটনার সঙ্গে জড়িত, বিশেষ করে এখনো গ্রেপ্তার না হওয়া ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে উল্লেখ করে জামায়াতের এ নেতা বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ে উদ্বেগ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে গোলাম পরওয়ার বলেন, হত্যা, সহিংসতা, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও রাজনৈতিক সংঘাত বাড়ছে। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠানসহ প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয়করণের অভিযোগ তুলে তিনি প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রাখার আহ্বান জানান।

দুর্নীতি, টেন্ডারবাজি, অবৈধ নিয়োগ, ডিলারশিপ বাণিজ্য ও দখলদারিত্বের অভিযোগ তুলে তিনি বলেন, হাট-বাজার, ঘাট, বালুমহাল, পরিবহন ও ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে চাঁদাবাজির অভিযোগ অব্যাহত রয়েছে। এসব অনিয়ম বন্ধে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

বায়তুল মোকাররম থেকে শুরু, সমাপনী কুষ্টিয়ায়

আয়োজকদের ঘোষণা অনুযায়ী, শনিবার সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে লংমার্চের আনুষ্ঠানিকতা শুরু হবে। সকাল ৮টায় প্রায় ৬০০ গাড়ির বহর নিয়ে যাত্রা শুরু করার কথা রয়েছে। পথে বিভিন্ন স্থান থেকে আরও গাড়ি যুক্ত হয়ে বহরের সংখ্যা প্রায় দেড় হাজারে পৌঁছাতে পারে।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ঢাকা থেকে শরীয়তপুর, মাদারীপুর, ভাঙ্গা, গোপালগঞ্জ ও বাগেরহাটের ফকিরহাট হয়ে রূপসা সেতু দিয়ে খুলনায় প্রবেশ করবে লংমার্চের বহর। পরে যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী জনসভায় অংশ নেবে।

পথে শরীয়তপুরের জাজিরার নাওডোবা, বাগেরহাটের ফকিরহাটের কাটাখালী মোড়, খুলনার বাবরী চত্বর, ফুলতলার স্বাধীনতা চত্বর, যশোরের মুড়লীর মোড় এবং ঝিনাইদহ বাস টার্মিনালে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাত সাড়ে ৮টায় কুষ্টিয়ায় সমাপনী জনসভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা।

শৃঙ্খলা বজায় রাখার আহ্বান

লংমার্চে অংশগ্রহণকারীদের ধৈর্য, সংযম ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দিয়েছেন গোলাম পরওয়ার। তিনি বলেন, কোনো ধরনের উসকানিমূলক বক্তব্য, স্লোগান কিংবা প্রতিপক্ষকে আঘাত করে এমন আচরণ করা যাবে না। কর্মসূচি নির্বিঘ্ন করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হয়েছে বলেও জানান তিনি।

লংমার্চের কারণে মহাসড়কে সাধারণ মানুষের চলাচল ও ব্যবসা-বাণিজ্যে সাময়িক অসুবিধা হতে পারে উল্লেখ করে তিনি আগাম দুঃখ প্রকাশ করেন। জনদুর্ভোগ কমাতে মহাসড়কের এক পাশ ব্যবহার করে কর্মসূচি পরিচালনার চেষ্টা করা হবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন, সুষ্ঠু তদন্তের দাবি

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন, সুষ্ঠু তদন্তের দাবি