নিউজ বাংলা ডেস্ক : কুষ্টিয়ার খোকসায় বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার মেয়র প্রার্থী নাফিজ আহমেদ খান রাজুর ওপর হামলার অভিযোগ উঠেছে। নিজের পরিচয় দেওয়ার পরই অজ্ঞাত ব্যক্তিরা তাকে ধারালো অস্ত্র ও লোহার হাতুড়ি দিয়ে মারধর করে গুরুতর আহত করেছে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় স্বজন ও স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে খোকসা থানাপাড়া এলাকায় রাজুর নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহতের পরিবার ও এজাহার সূত্রে জানা গেছে, ওই রাতে দলীয় কার্যালয় থেকে বাড়ির উদ্দেশে রওনা হন রাজু। রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির গেটে পৌঁছানোর পর পাঁচজন অজ্ঞাত ব্যক্তি তার পরিচয় নিশ্চিত করে অতর্কিতে হামলা চালায়।
হামলাকারীরা চাপাতি ও লোহার হাতুড়ি দিয়ে তাকে বেধড়ক মারধর করে। এতে চাপাতির আঘাতে তার পায়ের নিচের অংশ গুরুতরভাবে জখম হয়। শরীরের বিভিন্ন স্থানেও গভীর আঘাতের চিহ্ন তৈরি হয়।
রাজুর চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে হামলাকারীরা আতঙ্ক সৃষ্টি করতে ১৬ থেকে ১৭ রাউন্ড গুলি ছোড়ে। একই সঙ্গে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এরপর তারা দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্বজনরা আহত রাজুকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত ১২টার দিকে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
নিউজ বাংলা চ্যানেল