ঢাকা | খ্রি.

সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যু: বাবার হত্যা মামলা, গ্রেপ্তার ব্যবসায়িক অংশীদার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং | Photo Card
সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যু: বাবার হত্যা মামলা, গ্রেপ্তার ব্যবসায়িক অংশীদার ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় রাজধানীর উত্তরখান থানায় হত্যা মামলা দায়ের করেছেন তাঁর বাবা এ কে এম এনায়েতুল করিম। শনিবার (৩১ অক্টোবর) সকালে মামলার বিষয়টি জানা গেছে। এদিকে এ ঘটনায় তাহসিফের বন্ধুস্থানীয় ছোট ভাই ও ব্যবসায়িক অংশীদার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

গত ২৭ অক্টোবর মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ সাউরি। পরদিন বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় নৌ-পুলিশ। পরে বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর উত্তরখান এলাকায় তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, উদ্ধারের সময় তাহসিফের পরনে ছিল সাদা পাজামা ও কালো জামা। তাঁর হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। ওই ফোনের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।

তাহসিফের বাবা এ কে এম এনায়েতুল করিম জানান, ঘটনার দিন ২৭ অক্টোবর পরিবারের সদস্যদের জন্য সারাদিন কেনাকাটা করেছিলেন তাহসিফ। সন্ধ্যার পর দীপ নামের এক জুনিয়রের ডাকে বাসা থেকে বের হন তিনি। এরপর আর বাসায় ফেরেননি।

এদিকে তাহসিফের মৃত্যুর আগে তাঁর চলাফেরার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। ফুটেজে দেখা যায়, বন্ধু দীপের সঙ্গে হাত মেলানোর পর তাঁরা পৃথক মোটরসাইকেলে করে বাসা থেকে বের হন। তাহসিফের মৃত্যুর ঘটনায় নানা প্রশ্নের মধ্যে এ ফুটেজ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

তবে তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। হত্যা মামলার তদন্তে পুলিশ কী তথ্য পায়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ