ঢাকা | খ্রি.

রবীন্দ্র-নজরুলের সাহিত্য মানবিক সমাজ গঠনের পথ দেখায়

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2026 ইং | Photo Card
রবীন্দ্র-নজরুলের সাহিত্য মানবিক সমাজ গঠনের পথ দেখায় ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও চিন্তাধারার প্রাসঙ্গিকতা নিয়ে ‘রবীন্দ্র-নজরুল বিষয়ক সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে বাংলা বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ বলেন, বাংলা আমাদের মাতৃভাষা হলেও সাহিত্য ও সংস্কৃতির জগতে সবার বিচরণ সমান নয়। তবে সাহিত্য মানুষের চিন্তা ও জীবন পরিবর্তনের শক্তি রাখে।

তিনি বলেন, রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্যকর্ম মানবতা, শোষিত-বঞ্চিত মানুষের অধিকার এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের লেখনি আজও আমাদের জন্য পাথেয় হয়ে আছে। একটি লেখা যেমন একজন মানুষের জীবন বদলে দিতে পারে, তেমনি একটি প্রজন্মকেও পরিবর্তনের পথে এগিয়ে নিতে পারে।

উপাচার্য বলেন, রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলাম তাদের জীবন ও সৃষ্টিকর্মের মধ্য দিয়ে মানবকল্যাণের অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। বিশেষ করে নজরুলের বিদ্রোহী চেতনা শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে মানুষকে জাগ্রত করেছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু ভোগ-বিলাস কিংবা অর্থের মোহের পেছনে না ছুটে মানবিক মূল্যবোধ ধারণ করতে হবে। জীবনের সবচেয়ে বড় সার্থকতা হলো একজন ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। একজন ভালো মানুষ যেকোনো পরিবেশকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে পারেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলা ও মানবিক অনুষদের ডিন ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী। বাংলা বিভাগের চেয়ারম্যান ড. শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিষয়ভিত্তিক আলোচনা করেন বিশিষ্ট গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. ভীষ্মদেব চৌধুরী এবং নজরুল গবেষক ও প্রাবন্ধিক এ এফ এম হায়াতুল্লাহ।

ড. ভীষ্মদেব চৌধুরী ‘রবীন্দ্রনাথ ও রবীন্দ্র সাহিত্যের প্রাসঙ্গিকতা’ বিষয়ে আলোচনা করেন। অন্যদিকে কবি নজরুল ইনস্টিটিউটের প্রাক্তন নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ ‘নজরুল মানস ও নজরুলবিশ্বে বাংলাদেশ’ বিষয়ে বক্তব্য দেন।

আলোচকরা বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের অসামান্য অবদান, তাদের সাহিত্যচিন্তা, মানবতাবাদ, সাম্য, অসাম্প্রদায়িকতা এবং সমকালীন সমাজে তাদের সাহিত্য ও দর্শনের প্রাসঙ্গিকতা তুলে ধরেন।

সেমিনারে বাংলা বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
মুখস্থ রাখার সহজ উপায়

মুখস্থ রাখার সহজ উপায়