সম্প্রতি দেওয়া এক বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী আসিফ নজরুলকে কঠোর ভাষায় সমালোচনা করেন। তিনি বলেন, ‘আসিফ নজরুল দুই নম্বর লোক, ভণ্ড, প্রতারক ও মিথ্যাবাদী। তবে শিক্ষক হিসেবে তাকে সম্মান করি।’
আসিফ নজরুলের প্রতি অসন্তোষের কারণ ব্যাখ্যা করে এনসিপির এই নেতা বলেন, সরকার গঠনের পর রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার বিষয়ে তাকে আশ্বস্ত করা হয়েছিল। পাটওয়ারীর ভাষ্য, ‘সরকার গঠনের পর রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার বিষয়ে আসিফ নজরুল আশ্বস্ত করেছিলেন। তিনি প্রতিশ্রুতি রাখেননি। আমি আসিফ নজরুলকে এ জন্য দেখতে পারি না। তিনি আমাকে বলেছিলেন, সরকার গঠন হওয়ার পরে রাষ্ট্রপতিকে সরাবেন।’
সরকার গঠনের সময় বিভিন্ন বিষয়ে আসিফ নজরুল ‘ভেতরে ভেতরে ঘুঁটি খেলার’ চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তার দাবি, ঘোষণাপত্র ও জুলাই সনদসহ বিভিন্ন বিষয় নিয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের সঙ্গে আলোচনার সময় আসিফ নজরুল নানা ধরনের পরিবর্তনের চেষ্টা করেছিলেন।
ছাত্র-জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়াতেও আসিফ নজরুলের উপস্থিতির কথা তুলে ধরেন তিনি। পাটওয়ারী বলেন, সেনানিবাসে যাওয়ার সময় আসিফ নজরুল নিজেকে ছাত্রদের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছিলেন। পরে বঙ্গভবনে যাওয়ার সময় তাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং বাইরে বসিয়ে রাখা হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, তিনি সেখানে ভিড়তে গেলে সেদিন সরকার গঠন সম্ভব হতো না।
অন্তর্বর্তী সরকারের সময়ে আসিফ নজরুলের গবাদিপশু পালনের প্রসঙ্গও তুলে ধরে সমালোচনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনি ইন্টেরিমের টাইমে ছাগল পালতে যাবেন কেন, গরু পালতে যাবেন কেন?’
নিউজ বাংলা চ্যানেল