নিজস্ব প্রতিবেদক
আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সোমবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে আইসিসি জানায়, শনিবারের ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ইনিংস শেষ করতে বাংলাদেশ এক ওভার পিছিয়ে ছিল। এ কারণে আইসিসির আন্তর্জাতিক ম্যাচ রেফারিদের প্যানেলের সদস্য ডেভিড গিলবার্ট বাংলাদেশ দলের ওপর এই জরিমানা আরোপ করেন।
আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়দের সহায়তাকারী কর্মকর্তাদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ন্যূনতম ওভার সম্পন্ন করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।
বাংলাদেশের অধিনায়ক তাওহীদ হৃদয় অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
মাঠের দুই আম্পায়ার আলাউদ্দিন পালেকর ও ইজাতুল্লাহ সাফি, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার আহমেদ শাহ দুররানি বাংলাদেশের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ আনেন।
নিউজ বাংলা চ্যানেল