যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময়সভায় এসব কথা বলেন কাদের গনি চৌধুরী। তিনি জানান, ডেল্টাগ্রামের একটি জাতীয় জনমত জরিপে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব পালনের ধরনকে ৭৫ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা সমর্থন করেছেন।
দেশের উন্নয়নে বিএনপির ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। কাদের গনি চৌধুরীর দাবি, বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে, তার ৭০ থেকে ৭৫ শতাংশ বিএনপির অবদান। তাঁর ভাষ্য, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে এসব উন্নয়ন হয়েছে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে—এমন প্রত্যাশা দেশের মানুষের রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সরকারের অর্থনৈতিক বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে কাদের গনি চৌধুরী বলেন, ডলার ও রুপির বিপরীতে পাঁচ বছরের বেশি সময়ের মধ্যে টাকা শক্তিশালী অবস্থানে রয়েছে। তাঁর মতে, বিনিময় হার স্থিতিশীল থাকলে বিদেশি বিনিয়োগকারী এবং আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ীদের আস্থা আরও বাড়বে।
তিনি আরও জানান, অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্টে এসব বাজারে ৬৪২ দশমিক ৯৩ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা এক মাসে সর্বোচ্চ রপ্তানি।
ব্যাংক খাতের সংস্কার ও ঋণ আদায়ে সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়টিও আলোচনায় আনেন তিনি। তাঁর দাবি, ২০২৫ সালের সেপ্টেম্বরের ৩৫ দশমিক ৭৩ শতাংশ থেকে খেলাপি ঋণের অনুপাত চলতি বছরের জুনে কমে ৩২ দশমিক ৭৮ শতাংশ হয়েছে।
বিদেশি ঋণ পরিশোধের প্রসঙ্গে কাদের গনি চৌধুরী বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম পাঁচ মাসে সরকার বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ ২০৪ কোটি ৭৬ লাখ ডলার পরিশোধ করেছে।
সংসদে প্রশ্ন, পাল্টা প্রশ্ন, আলোচনা ও জবাবদিহির চর্চা দৃশ্যমান হয়েছে বলেও দাবি করেন তিনি। সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধন, অপ্রয়োজনীয় বিদেশ সফর ও প্রশিক্ষণ কমানো এবং প্রধানমন্ত্রীর গাড়িবহর ছোট করার উদ্যোগের কথাও উল্লেখ করেন কাদের গনি চৌধুরী। তাঁর মতে, এসব পদক্ষেপ রাষ্ট্র ও নাগরিকের সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তনের বার্তা দিচ্ছে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে পরিবারপ্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা সহায়তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ এবং প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
কাদের গনি চৌধুরীর দাবি, প্রায় ১৩ লাখ কৃষক পরিবারের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় গুরুদের সম্মানি ভাতা দেওয়ার উদ্যোগ, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করা এবং অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া পরিশোধের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
মতবিনিময়সভায় যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ফ্রন্টের সভাপতি নাছিম আহমদ সভাপতিত্ব করেন। এতে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট জাকির এইচ চৌধুরী ছাড়াও প্রবাসী সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।
নিউজ বাংলা চ্যানেল