ম্যাচে নির্ধারিত সময়ের তুলনায় ভারত চার ওভার পিছিয়ে ছিল। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার পিছিয়ে থেকে ইনিংস শেষ করে। এ কারণে মাঠের আম্পায়ার জয়ারামন মাদানাগোপাল ও স্যাম নোগাজস্কি, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার বীরেন্দ্র শর্মা দুই দলের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ আনেন।
পরে ম্যাচ রেফারি প্রকাশ ভাট দুই দলের শাস্তির বিষয়টি নিশ্চিত করেন। ভারতীয় অধিনায়ক শুবমান গিল এবং ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ নিজেদের অপরাধ স্বীকার করে নেওয়ায় এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
তবে শাস্তির মাত্রায় ভারতের ক্ষেত্রে বিষয়টি বেশি হয়েছে। নির্ধারিত সময়ের চেয়ে চার ওভার পিছিয়ে থাকায় তাদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। দুই ওভার পিছিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের জরিমানা হয়েছে ১০ শতাংশ।
এদিকে সিরিজের শেষ ওয়ানডেতে ভারত ৩৫২ রানের লক্ষ্য দিয়েও ওয়েস্ট ইন্ডিজের কাছে পাঁচ উইকেটে হেরে যায়। অবশ্য এই পরাজয়ের আগেই সিরিজ নিশ্চিত করে ফেলেছিল ভারত। প্রথম দুই ওয়ানডেতে জয় পাওয়ায় শেষ ম্যাচে হারলেও সিরিজ নিজেদের করে নেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা।
নিউজ বাংলা চ্যানেল