ঢাকা | খ্রি.

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, মনোনয়ন দাখিল ২৭ সেপ্টেম্বর

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2026 ইং | Photo Card
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, মনোনয়ন দাখিল ২৭ সেপ্টেম্বর ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে সংসদ সদস্য পদ ছাড়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৭ সেপ্টেম্বর।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন উপনির্বাচনের তফসিল চূড়ান্ত করে।

ইসি সচিব জানান, ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর। ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর।

ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। পাশাপাশি অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, ঠাকুরগাঁও এবং রুহিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট আরেক উপজেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন বলে জানান ইসি সচিব।

উপনির্বাচনে বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য ‘আউট অব কান্ট্রি’ পোস্টাল ভোটিং ব্যবস্থাও থাকছে। ইসি সূত্রে জানা গেছে, গত নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে ৩৩টি দেশ থেকে মোট ৩৮৬ জন ভোটার বিদেশ থেকে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। এর মধ্যে সবচেয়ে বেশি ভোটার নিবন্ধিত হয়েছিলেন সৌদি আরব থেকে।

এ ছাড়া দেশের ভেতরে পোস্টাল ভোটিংয়ের জন্য নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিল ৪ হাজার ৪৫ জন। তাদের মধ্যে সরকারি চাকরিজীবী ছিলেন ২ হাজার ৭৩৫ জন।

গত ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরদিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি তার কার্যভারকালে সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন না। কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হলে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের দিন তার সংসদ সদস্য পদ শূন্য হয়। অন্যদিকে সংবিধানের ১২৩(৪) অনুচ্ছেদ অনুযায়ী, সংসদের কোনো সদস্যপদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। সেই বাধ্যবাধকতা অনুযায়ী উপনির্বাচনের তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন।

এদিকে আসনটি শূন্য ঘোষণার পর গত ৩০ আগস্ট ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

অন্যদিকে উপনির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সল আমীন ও বড় মেয়ে মির্জা শামারুহর নাম রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছে। তবে দলটির পক্ষ থেকে এখনো চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়নি।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজীপুরে সাংবাদিককে গলা কেটে হত্যা

গাজীপুরে সাংবাদিককে গলা কেটে হত্যা