ঢাকা | খ্রি.

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং | Photo Card
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ পর্যন্ত ঢাকামুখী লেনে এ যানজট ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর থেকে শুরু হওয়া যানজট শনিবার সকালেও অব্যাহত রয়েছে। এতে মহাসড়কে আটকে থাকা হাজারো যাত্রী ও চালক চরম দুর্ভোগে পড়েছেন।

সড়ক বিভাগ ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজের ঢাকামুখী লেনের একটি অংশে বড় গর্তের সৃষ্টি হয়। দিন দিন গর্তটি বড় হয়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হওয়ায় শুক্রবার বেলা ১১টার দিকে সেখানে জরুরি সংস্কারকাজ শুরু করে সড়ক বিভাগ।

সংস্কারকাজ চলাকালে মহাসড়কের দুই লেনের একটি লেন বন্ধ রাখা হয়। অন্য লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচল করায় ধীরে ধীরে ওই এলাকায় যানবাহনের চাপ বাড়তে থাকে। একপর্যায়ে যানজট আষাড়িয়ারচর ছাড়িয়ে দাউদকান্দি, মেঘনা হয়ে কুমিল্লার চান্দিনা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

শনিবার সকালেও এক লেন দিয়ে অতিরিক্ত যানবাহনের চাপ সামলাতে গিয়ে পরিস্থিতির আরও অবনতি হয়। দীর্ঘ যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকায় যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে বিদেশগামী যাত্রীরা সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে না পারার আশঙ্কায় বিপাকে পড়েছেন।

যানজটে আটকে থাকা স্টার লাইন পরিবহনের চালক ইয়াহিয়া বলেন, “শুক্রবার মধ্যরাত থেকে যানজটে আটকে আছি। যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।”

সেন্টমার্টিন পরিবহনের চালক হুমায়ুন আজাদ বলেন, “কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। প্রায় আট ঘণ্টা ধরে যানজটে আটকে আছি।”

মেঘনা টোলপ্লাজায় আটকে থাকা মাহাবুব নামে এক বাসযাত্রী বলেন, “ঘণ্টার পর ঘণ্টা পার হয়ে গেলেও আমরা একই জায়গায় আটকে আছি। কী কারণে এত দীর্ঘ যানজট, তা সাধারণ যাত্রীরা ঠিকভাবে জানেন না।”

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস রায় বলেন, দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানজটের মূল কারণ আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় সড়ক সংস্কারকাজ। মহাসড়কের একটি লেন বন্ধ থাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি সফিউল ইসলাম বলেন, আষাড়িয়ারচর এলাকায় মহাসড়কের দুই লেনের এক লেনে সড়ক বিভাগ জরুরি সংস্কারকাজ করছে। ফলে এক লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচল করায় যানজটের সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, যানবাহন চলাচল স্বাভাবিক করা এবং যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের একাধিক টিম নিরবচ্ছিন্নভাবে মাঠে কাজ করছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাড়কাঁপানো শীতে কাঁপছে নওগাঁ, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

হাড়কাঁপানো শীতে কাঁপছে নওগাঁ, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে