নিজস্ব প্রতিবেদক
শিক্ষকদের সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক সুরক্ষা ব্যবস্থা ও নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। একই সঙ্গে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশনের অর্থ সর্বোচ্চ তিন মাসের মধ্যে পরিশোধের দাবি জানিয়েছেন তিনি। শিক্ষকদের মত প্রকাশের স্বাধীনতায় কোনো ধরনের বাধা সৃষ্টি করা হলে জনগণ তা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘শিক্ষকদের সামাজিক সুরক্ষা ও প্রভাবমুক্ত শিক্ষাঙ্গণ গড়তে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, শিক্ষকদের পেনশনের অর্থ পাওয়া কোনো অনুগ্রহ নয়, এটি তাঁদের ন্যায্য অধিকার। চাকরিজীবনে তাঁদের বেতন থেকে নিয়মিত অর্থ কেটে রাখা হয়। অথচ অবসরে যাওয়ার পর নিজেদের প্রাপ্য পেনশনের অর্থ পেতে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
তিনি বলেন, যারা দীর্ঘদিন শিক্ষকতা করে অবসরে যাচ্ছেন, তাঁদের পেনশনের অর্থ দ্রুত পরিশোধ নিশ্চিত করতে হবে। এ জন্য সরকারের প্রতি অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশনের অর্থ সর্বোচ্চ তিন মাসের মধ্যে বুঝিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।
শিক্ষকদের মত প্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষাঙ্গণে শিক্ষকদের স্বাধীনভাবে মত প্রকাশের পরিবেশ নিশ্চিত করতে হবে। তাঁদের মত প্রকাশে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হলে জনগণ তা প্রতিহত করবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষক সমাজকে বৈষম্য, অনিশ্চয়তা ও আর্থিক অনিরাপত্তার মধ্যে রেখে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার প্রত্যাশা করা বাস্তবসম্মত নয়। শিক্ষকদের সামাজিক নিরাপত্তা, আর্থিক নিশ্চয়তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে শিক্ষাঙ্গণকে সব ধরনের রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
প্রধান আলোচকের বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বলেন, শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ থাকতে না পারলে তাঁদের ন্যায্য অধিকার ও প্রাপ্য মর্যাদা আদায় করা সম্ভব নয়। শিক্ষকদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং তাঁদের জীবনমান উন্নয়নে সরকারকে বিশেষভাবে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় বক্তারা শিক্ষকদের জন্য পৃথক সামাজিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, অবসরকালীন আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণ, শিক্ষাঙ্গণে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ এবং শিক্ষকদের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
নিউজ বাংলা চ্যানেল