নিজেস্ব প্রতিবেদক: ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। ‘এমভি ওশান-উইনার’ নামের জাহাজটিতে ২৪ জন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।
শনিবার (২২ আগস্ট) সকালে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত লাইফ র্যাফট থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি নাবিকদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
জানা গেছে, গত ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে এমভি ওশান-উইনার। জাহাজটিতে ওড়িশা থেকে সংগ্রহ করা প্রায় ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক ছিল।
শনিবার সকাল ১১টা ৪৮ মিনিটে শ্রী বিজয়পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পায়। পরে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধার অভিযানে সহায়তার অনুরোধ করে।
খবর পেয়ে ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী উদ্ধার তৎপরতা শুরু করে। কোস্ট গার্ডের ‘বরদ’ ও ‘অনমোল’ নামের দুটি জাহাজ ঘটনাস্থলের দিকে পাঠানো হয়। শ্রী বিজয়পুরম থেকে ‘বিজিত’ নামের আরেকটি জাহাজও উদ্ধার অভিযানে যুক্ত হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, লাইফ র্যাফটে থাকা দুজনকে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। তবে আরও ২২ নাবিকের অবস্থান এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে দুর্ঘটনাস্থলের আশপাশে থাকা অন্যান্য জাহাজগুলোকে সতর্ক করা হয়েছে। নিখোঁজ নাবিকদের সন্ধান ও উদ্ধার অভিযানে সহযোগিতার জন্য তাদেরও অনুরোধ জানানো হয়েছে।
ভারতীয় উদ্ধারকারী সংস্থাগুলোর সমন্বয়ে দুর্ঘটনাস্থলে তল্লাশি অভিযান চলছে। বাংলাদেশের নাগরিকসহ নিখোঁজ নাবিকদের দ্রুত উদ্ধারে অভিযান আরও জোরদার করা হয়েছে।
নিউজ বাংলা চ্যানেল