দাউদকান্দি হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী রয়েল পরিবহনের বাসটি দ্রুতগতিতে আসা একটি রিকশাকে এড়াতে হঠাৎ ব্রেক করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের মাঝখানে উল্টে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে থাকা ৫০ জন যাত্রী আটকা পড়েন।
যাত্রীদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে আসেন। পরে হাইওয়ে পুলিশ ও দাউদকান্দি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বাসের ভেতরে আটকে থাকা যাত্রীদের বের করে আনা হয়।
আহত ২৫ জনকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গৌরীপুর হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর চান্দিনা উপজেলার মাধাইয়া থেকে রায়পুর পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি প্রেমদাস রায় জানান, বাসটি সড়কের মাঝখানে উল্টে গেলেও যাত্রীদের বড় ধরনের ক্ষতি হয়নি। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বাসটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
নিউজ বাংলা চ্যানেল