গত বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিবন্ধন, যোগ্যতা ও ফি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণরা নিবন্ধন করতে পারবেন। এ ছাড়া মাস্টার্স ফাইনাল, বিবিএ, এমএড, বিএসসি ইন সিএসই, এলএলবি ফাইনাল, বিএফএ অনার্স ও বিএফএ পাস পরীক্ষায় ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে উত্তীর্ণদেরও আবেদনের সুযোগ রয়েছে।
অন্যান্য ডিগ্রির ক্ষেত্রে উত্তীর্ণ হওয়ার নির্ধারিত সময়সীমা আলাদা। এমবিএ পরীক্ষায় ২০১৩ থেকে ২০২২ সালের মধ্যে, বিএড অনার্সে ২০১৪ থেকে ২০২৩ সালের মধ্যে, বিএসসি ইন ইসিইতে ২০১২ থেকে ২০২৩ সালের মধ্যে এবং এমএসসি ইন সিএসইতে ২০১১ থেকে ২০২২ সালের মধ্যে উত্তীর্ণরা সমাবর্তনে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন।
বিবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্টে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে উত্তীর্ণরাও এ সুযোগ পাবেন। অন্যদিকে, অনার্স ইন থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে উত্তীর্ণরা নিবন্ধন করতে পারবেন।
বিএসসি অনার্স ইন এফডিটি, বিএসসি অনার্স ইন এএমটি, বিএসসি অনার্স ইন কেএমটি এবং এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে ২০২২ ও ২০২৩ সালে উত্তীর্ণরা আবেদনের যোগ্য। মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্টে ২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে, মাস্টার্স ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজমে ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে, এমপিএডে ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে এবং এমএসএডে ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে উত্তীর্ণরাও নিবন্ধন করতে পারবেন।
এ ছাড়া অন-ক্যাম্পাস এমএএস/এএমবিএতে ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থী এবং ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে এমফিল/পিএইচডি ডিগ্রি অর্জনকারী গবেষকেরাও সমাবর্তনে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে নিবন্ধন ফি ৪ হাজার টাকা অথবা ৪০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। প্রতিটি সনদের জন্য দিতে হবে ৮০০ টাকা অথবা ১০ মার্কিন ডলার। তবে যাঁরা ইতোমধ্যে মূল সনদ সংগ্রহ করেছেন, তাঁদের সনদের জন্য অতিরিক্ত ফি দিতে হবে না।
অনলাইনে নিবন্ধনের পাশাপাশি ফি পরিশোধ করা যাবে সোনালী সেবা, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এবং ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে। মাস্টারকার্ড, ভিসা, অ্যামেক্স ও নেক্সাস কার্ড ব্যবহার করেও অর্থ পরিশোধের সুযোগ থাকবে।
নিবন্ধনসংক্রান্ত সহায়তার জন্য ০১৩৪৭-৫৫২১৫১-৭ নম্বরে এবং পেমেন্টসংক্রান্ত সহযোগিতার জন্য ০১৩৪৭-৫৫২১৫৮ নম্বরে যোগাযোগ করা যাবে। সহায়তা পাওয়া যাবে সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। এ ছাড়া ই-মেইল করা যাবে convocation@nu.ac.bd ঠিকানায়।
সমাবর্তনের নির্দিষ্ট সময়, ভেন্যু ও অনুষ্ঠানসূচি পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নিউজ বাংলা চ্যানেল