দিনাজপুরে প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় অসদুপায় অবলম্বনে অভিযোগে ডিভাইসসহ ১৮ জনকে আটক করেছে পুলিশ ও প্রশাসন।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে জেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। তদন্তের সুবিদার্থে আটক পরীক্ষার্থীদের পরিচয় জানা হয়নি।
তবে, প্রশাসন জানিয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এসব ঘটনায় যারা জড়িত, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করার প্রক্রিয়া চলছে।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আনোয়ার হোসেন বলেন, ‘দিনাজপুরের ৪৫টি কেন্দ্রে ৩৩ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংবাদ ছিল পরীক্ষায় ডিভাইস ব্যবহার হবে। কয়েক দিন ধরেই গোয়েন্দা কার্যক্রম চলছিল। আমরা বিষয়টি জানতে পেরেছি, কিন্তু অপরাধ সংঘটিত হওয়ার আগেই যদি আটক করা হয় তাহলে অপরাধ সঠিকভাবে চিহ্নিত হয় না। এ জন্য আমরা অপেক্ষা করছিলাম। আমরা এই ঘটনার হোতাকেও চিহ্নিত করেছি। তদন্তের স্বার্থে এখনই সবকিছু বলা যাচ্ছে না। আমরা পুরো টিমটিকে আটক করতে চাই।’
জানা গেছে, ক্রিসেন্ট কিন্ডার গার্টেন গার্লস হাই স্কুলে ২ জন, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ১ জন, কাদের বক্স মেমোরিয়াল কলেজে (বিএম) ২ জন, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে ১ জন, দিনাজপুর উচ্চ বিদ্যালয়ে ১ জন, দিনাজপুর সরকারি মহিলা কলেজে ১ জন, দিনাজপুর জুবিলী উচ্চ বিদ্যালয়ে ১ জন, দিনাজপুর মিউনিসিপাল হাইস্কুলে ১ জন, দিনাজপুর নূরজাহান কামিল মাদ্রাসায় ৫ জন, দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ১ জন এবং কেরি মেমোরিয়াল হাই স্কুলে ১ জন পরীক্ষার্থী ডিভাইসসহ আটক হয়েছেন।
আমাদের সময়/আরআর
নিউজ বাংলা চ্যানেল