শুক্রবার গ্রেপ্তারের পর কলম্বোর চিফ ম্যাজিস্ট্রেট আসাঙ্গা বোদারাগামা ৪০ বছর বয়সী নামাল রাজাপক্ষেকে আরও তদন্তের জন্য দুই সপ্তাহ আটক রাখার নির্দেশ দেন। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২০১৩ সালের ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের এয়ারবাস চুক্তি ঘিরে দুর্নীতি বা ঘুষসংক্রান্ত তদন্ত কমিশন (সিআইএবিওসি) নামাল রাজাপক্ষেকে জিজ্ঞাসাবাদ করে। পরে তাকে আদালতে হাজির করা হয়। তদন্তকারী সংস্থা আদালতকে জানায়, ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে শ্রীলঙ্কার কর্মকর্তা ও রাজনীতিবিদদের দেওয়া ঘুষের অর্থের একটি অংশ হিসেবে নামাল ৮ লাখ ডলার নিয়েছিলেন।
তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, সিঙ্গাপুরের দুটি ব্যাংক হিসাব ব্যবহার করে ওই অর্থ নামাল রাজাপক্ষের কাছে পৌঁছাতে সহায়তা করেছিলেন শ্রীলঙ্কার এক প্রভাবশালী ব্যবসায়ী।
নামালের আইনজীবী নিশান্ত দয়ানন্দ জামিনের আবেদন করলেও আদালত তা নাকচ করে দেন। একই এয়ারবাস চুক্তি নিয়ে এর আগে গত মে মাসে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষেকেও জিজ্ঞাসাবাদ করেছিল দুর্নীতি দমন কমিশন। ২০১৬ সালে তৎকালীন সরকার চুক্তিটি বাতিল করে।
অভিযোগ রয়েছে, মাহিন্দা রাজাপক্ষের ২০০৫ থেকে ২০১৫ সালের শাসনামলে ১০টি এয়ারবাস কেনার জন্য মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার বিনিময়ে প্রায় ১৬ মিলিয়ন ডলার ঘুষ দেওয়ার বিষয়ে এয়ারবাস সম্মত হয়েছিল। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের যৌথ তদন্তেও এ বিষয়ে প্রমাণ পাওয়ার কথা জানানো হয়।
তবে শুরু থেকেই এয়ারবাস চুক্তিকে ঘিরে ওঠা দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করে আসছে রাজাপক্ষ পরিবার। তাদের দাবি, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
নিউজ বাংলা চ্যানেল