ঢাকা | খ্রি.

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান ওবামার, ইরান যুদ্ধকে বললেন ‘অপ্রয়োজনীয়’

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2026 ইং | Photo Card
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান ওবামার, ইরান যুদ্ধকে বললেন ‘অপ্রয়োজনীয়’ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দেশটিতে বিশৃঙ্খলা, দুর্নীতি, নিষ্ঠুরতা ও অদক্ষতা বেড়েছে বলে অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানকে ‘অপ্রয়োজনীয় যুদ্ধ’ আখ্যা দিয়ে ট্রাম্পের পররাষ্ট্রনীতির সমালোচনা করেছেন সাবেক এই প্রেসিডেন্ট।

শনিবার (২৪ অক্টোবর) ওহাইও অঙ্গরাজ্যে মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন ওবামা। এ সময় তিনি ভোটারদের রিপাবলিকান প্রশাসনের বিরুদ্ধে রায় দেওয়ার আহ্বান জানান।

ওবামা বলেন, গত দুই বছরে যুক্তরাষ্ট্র এমন বিশৃঙ্খলা, নিষ্ঠুরতা, দুর্নীতি ও অদক্ষতা দেখেছে, আধুনিক যুগে যার নজির নেই। এবার ভোটারদের সামনে নিজেদের অবস্থান জানানোর সুযোগ এসেছে। ‘যথেষ্ট হয়েছে, আর নয়’—এমন বার্তা দেওয়ার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।

ট্রাম্পের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে ওবামা বলেন, বর্তমান প্রেসিডেন্ট একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এমন একটি অপ্রয়োজনীয় যুদ্ধ শুরু করা, যা কেউ চায়নি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে ওহাইওর গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামীর একটি নির্বাচনী বিজ্ঞাপন নিয়েও তীব্র সমালোচনা করেন ওবামা। বিজ্ঞাপনটিতে ডেমোক্রেটিক প্রার্থী অ্যামি অ্যাকটনের শৈশব নিয়ে তাঁর মা ডোনা আর্থারের বক্তব্যের বিরোধিতা করা হয়। একই সঙ্গে বিজ্ঞাপনটিতে ভোটারদের অ্যাকটনকে ভোট না দেওয়ার আহ্বান জানানো হয়।

রামাস্বামীর সমালোচনা করে ওবামা বলেন, সাম্প্রতিক দিনগুলোতে তাঁর কর্মকাণ্ডে এমন ধারণা তৈরি হয়েছে যে তিনি কোনো সীমা অতিক্রম করতেই পিছপা হবেন না। কতটা নিচে নামা সম্ভব, তারও যেন কোনো সীমা নেই। বিজ্ঞাপনটির প্রসঙ্গে তিনি আরও বলেন, রাজনৈতিক আচরণের মানদণ্ড এতটা নিচে নেমে গেছে যে এ ধরনের বিজ্ঞাপন প্রচার করা সম্ভব হচ্ছে—এটি তাঁর কাছে বিস্ময়কর।

অন্যদিকে, অ্যাকটন জানিয়েছেন, ১৯৭৮ সালের পর থেকে তিনি তাঁর মায়ের সঙ্গে দেখা করেননি। শৈশবে সৎবাবার হাতে যৌন নির্যাতনের শিকার হওয়ার বিষয়ে অ্যাকটনের বক্তব্যকে সমর্থন করেছেন তাঁর ভাই। ২০০৪ সালে মারা যাওয়া ওই সৎবাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল।

অ্যাকটনের পাশে দাঁড়িয়ে ওবামা বলেন, তিনি নিজের শৈশবের বেদনাদায়ক অভিজ্ঞতার কথা আবেগের সঙ্গে তুলে ধরেছেন। তাঁর অভিজ্ঞতার মধ্যে নির্যাতন, অবহেলা ও গৃহহীনতার মতো বিষয়ও রয়েছে।

সমাবেশে ওবামার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন অ্যামি অ্যাকটন এবং ওহাইওর সাবেক ডেমোক্রেটিক সিনেটর শেরড ব্রাউন। আসন্ন নির্বাচনে রিপাবলিকান সিনেটর জন হাস্টেডকে পরাজিত করে আবারও সিনেটে ফেরার লড়াইয়ে রয়েছেন ব্রাউন। অন্যদিকে, গভর্নর পদে রামাস্বামীর প্রতিদ্বন্দ্বী অ্যাকটন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জনমত জরিপে ওহাইওর গভর্নর ও সিনেট—উভয় নির্বাচনেই ডেমোক্রেটিক প্রার্থীরা সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। তবে দুই প্রতিদ্বন্দ্বিতাতেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ফলে মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ওহাইওতে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয়ে উঠেছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
কুমিল্লা বিভাগের দাবি পূরণের আশ্বাস প্রধানমন্ত্রীর

কুমিল্লা বিভাগের দাবি পূরণের আশ্বাস প্রধানমন্ত্রীর