রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দেওয়ার পর অভিষেক মৌসুমটা ভালো কাটেনি ইসাকের। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে করেছিলেন মাত্র চার গোল। এবারের মৌসুম শুরুর আগ পর্যন্ত ব্রিটিশ ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ট্রান্সফার রেকর্ডও ছিল তার নামে।
তবে এবার শুরু থেকেই ভিন্ন ছন্দে আছেন ইসাক। তিন ম্যাচে তার গোলসংখ্যা এখন তিন। সর্বশেষ ম্যাচে জোড়া গোল করে লিভারপুলকে গুরুত্বপূর্ণ জয় এনে দেওয়ার পাশাপাশি নিজের দুর্দান্ত ফর্মেরও জানান দিয়েছেন তিনি।
পোর্টম্যান রোড স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। কোডি গাকপোর পাস পেয়ে বক্সের ভেতর থেকে শক্তিশালী শটে বল জালে পাঠান ইসাক। ইপ্সউইচের গোলরক্ষক বলের নাগাল পেলেও শটের গতি এতটাই বেশি ছিল যে সেটি ঠেকাতে পারেননি।
এর মাত্র তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ইসাক। গাকপোর লম্বা পাস নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে পরপর ডানে-বাঁয়ে পায়ের কারুকাজে বিভ্রান্ত করেন তিনি। এরপর সামনে এগিয়ে আসা গোলরক্ষকের ডান দিক দিয়ে নিখুঁত শটে বল পাঠিয়ে দেন জালে।
প্রথমার্ধেই হ্যাটট্রিকের সুযোগ তৈরি হয়েছিল ইসাকের সামনে। ৩৩ মিনিটে ফ্লোরিয়ান ভির্টৎসের পাস থেকে গোল করেছিলেন তিনি। কিন্তু অফসাইডে থাকায় গোলটি বাতিল হয়। ফলে ঠাণ্ডা মাথায় বল জালে জড়িয়েও হ্যাটট্রিক উদযাপনের সুযোগ পাননি এই স্ট্রাইকার।
দ্বিতীয়ার্ধে আরও কিছু সুযোগ তৈরি হলেও আর কোনো গোল আসেনি। শেষ পর্যন্ত ইসাকের প্রথমার্ধের জোড়া গোলেই ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে লিভারপুল।
এই জয়ের মধ্য দিয়ে শুধু লিভারপুলই নয়, কোচ আন্দোনি ইরাওলারও লিগে প্রথম জয় এসেছে। তার অধীনে লিগের প্রথম দুই ম্যাচে ড্র করেছিল লিভারপুল।
নিউজ বাংলা চ্যানেল