বৃহস্পতিবার (১ অক্টোবর) ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ফ্রান্স সফররত এফবিসিসিআইয়ের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে আয়োজিত বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক, প্রযুক্তি, প্রক্রিয়াজাত খাদ্য ও সেবা খাতের ব্যবসায়ীরা অংশ নেন।
এফবিসিসিআইয়ের সাধারণ সম্পাদক মো. আলমগীরের নেতৃত্বে ২২ সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। সেখানে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে আরও কার্যকর ও বিস্তৃত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে ফ্রান্সের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য বাজারে বাংলাদেশি উদ্যোক্তাদের প্রবেশের সুযোগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ জন্য ব্যবসায়িক যোগাযোগ সহজ করা, সম্ভাব্য অংশীদারত্ব তৈরি এবং দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সরাসরি সম্পর্ক জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পাশাপাশি বৈশ্বিক অর্থনীতির পরিবর্তন এবং ইউরোপের শুল্ক কাঠামোর পরিবর্তন নিয়েও আলোচনা করেন অংশগ্রহণকারীরা।
বক্তারা বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বাংলাদেশ ও ফ্রান্সের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি নতুন বাণিজ্যিক সম্ভাবনা খুঁজে বের করা প্রয়োজন।
বাংলাদেশে ফরাসি বিনিয়োগ বাড়ানোর বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। বিশেষ করে তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং আধুনিক অবকাঠামো খাতে বিনিয়োগের জন্য ফরাসি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশের রপ্তানি পণ্যের পরিসর বাড়িয়ে ইউরোপের বাজারে নতুন পণ্যের সুযোগ তৈরির ওপরও জোর দেওয়া হয়।
ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সহসভাপতি ফখরুল আকম সেলিম বলেন, ইউরোপে বাংলাদেশি ব্যবসায়ীদের নেটওয়ার্ক আরও শক্তিশালী করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের সঙ্গে এফবিসিসিআইয়ের সরাসরি সমন্বয় বাড়ানো প্রয়োজন। তার মতে, এ ধরনের বৈঠক দুই পক্ষের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ ও অংশীদারত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এফবিসিসিআই প্রতিনিধিদলের প্রধান মো. আলমগীর ইউরোপের বিভিন্ন ব্যবসায়িক জোটের সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীদের সরাসরি যোগাযোগ তৈরিতে ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের ভূমিকার প্রশংসা করেন।
বৈঠকে ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের অ্যাডমিনিস্ট্রেশন ডিরেক্টর জাঁনা মার্টিন, মাহারুল ইসলাম মিন্টু, খন্দকার রূহুল আমিন, লুবনা ইয়াছমিন শম্পা, ফারহানা আফরোজ পলি, মো. কামরুজ্জামান, তাপস বড়ুয়া রিপন ও খান নূরে আলম সিদ্দিকীসহ এফবিসিসিআই ও ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের কর্মকর্তা এবং ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দুই দেশের ব্যবসায়ী নেতারা আশা প্রকাশ করেন, প্যারিসের এই বৈঠকের মাধ্যমে ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ আরও বিস্তৃত হবে। পাশাপাশি ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্যের নতুন সুযোগ সৃষ্টি এবং দুই দেশের মধ্যে বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর পথও সহজ হবে বলে তারা আশা করেন।
বৈঠক শেষে ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সৌজন্যে আয়োজিত বিশেষ গালা ডিনারে বাংলাদেশি প্রতিনিধিদলের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
নিউজ বাংলা চ্যানেল