নিহতরা হলেন কক্সবাজারের ঈদগাহ এলাকার নিয়াজ মোর্শেদ (২২), তাঁর ছোট বোন মিমতাহ (১৭), তাদের মামা মো. ফেরদৌস আলম (৫৫) এবং মাইক্রোবাসের চালক মো. মুন্না।
নিহত ফেরদৌস আলমের আত্মীয় মো. ওমর ফারুক জানান, শনিবার রাতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে মিমতাহর বড় বোনের বিয়ের আয়োজন ছিল। অনুষ্ঠান শেষে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের কয়েকজন একটি মাইক্রোবাসে করে ঈদগাহের উদ্দেশে রওনা হন। শিকলবাহা এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
পুলিশের তথ্য অনুযায়ী, শিকলবাহা এলাকা পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যান ইউটার্ন নেওয়ার চেষ্টা করলে সেটি মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই ফেরদৌস আলম ও মিমতাহ মারা যান।
পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত সাতজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।
নিউজ বাংলা চ্যানেল