সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে হাটহাজারী থানা এলাকায় এসআরবি-৬ খুলনা ও এসআরবি-৭ চট্টগ্রামের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে আব্দুর রহমানকে গ্রেপ্তার করেন। পরে তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার আব্দুর রহমান খুলনার রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের আব্দুর রউফ শেখের ছেলে বলে জানিয়েছে এসআরবি।
মামলার এজাহার অনুযায়ী, গত ১২ আগস্ট রাতে রূপসা উপজেলার মেসার্স রূপসা ব্রিকসের কার্যালয়ে ছিলেন ফখরুল ইসলাম। এ সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ফখরুল গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ফখরুলের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে রূপসা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
এসআরবি-৬-এর মিডিয়া সেল জানিয়েছে, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ব্যক্তি ও পরোয়ানাভুক্ত অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে। ফখরুল হত্যা মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
নিউজ বাংলা চ্যানেল