নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট, চিকিৎসা ও খাবারের সমস্যা সমাধানে নিজের মেয়াদ শেষ হওয়ার আগেই দৃশ্যমান অগ্রগতি করতে চান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম। এসব সমস্যা পুরোপুরি সমাধান করা সম্ভব না হলেও অন্তত কাজ শুরু করে যেতে চান তিনি।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন উপাচার্য।
অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের আবাসন সংকট, মেডিকেল ও খাবারের সমস্যার সমাধান আমার মেয়াদ শেষ হওয়ার আগেই নিশ্চিত করতে চাই। যদি নিশ্চিত করতে নাও পারি, অন্তত যেন কাজটি শুরু করে যেতে পারি। যদি এটা করতে না পারি, তাহলে পরবর্তী মেয়াদে আমাকে আর দায়িত্বে দেখবেন না।”
নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, জ্ঞান-বিজ্ঞানে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে সফলতার উচ্চ শিখরে নিয়ে যেতে সবার সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। শিক্ষা, গবেষণা ও ঐতিহ্যের দিক থেকে এ বিশ্ববিদ্যালয়ের বিশেষ অবস্থান রয়েছে। এখানে পড়ার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের নিজেদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে দেশ ও জাতির স্বার্থে কাজ করার সক্ষমতা অর্জন করতে পারেন।
শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতার প্রসঙ্গে অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় অঙ্গনে প্রতিটি শিক্ষার্থীর স্বাধীনভাবে কথা বলার অধিকার রয়েছে। এটি স্কুল বা পাঠশালা নয়, এটি বিশ্ববিদ্যালয়। তবে স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলতাও থাকতে হবে। স্বাধীনতা মানে অবাধ্যতা নয়, বরং দায়িত্বশীলতা।
অনুষ্ঠানের শুরুতে ভর্তি পরীক্ষার তিন ইউনিটে সর্বোচ্চ নম্বর অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পরে নবীন শিক্ষার্থীদের ফুল, বিশ্ববিদ্যালয়ের চিহ্ন খচিত কলম, নির্দেশিকা ও প্যাড দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রাহমান, ছাত্র উপদেষ্টা ড. মো. খুরশিদ আলম, প্রক্টর অধ্যাপক মাহাবুবর রহমান এবং জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এসএম কামরুজ্জামানসহ বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের সভাপতি, পরিচালক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
নিউজ বাংলা চ্যানেল