নিজস্ব প্রতিবেদক
বিনোদন অঙ্গনের জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন আবারও কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর নতুন করে তার শরীরে ম্যালিগন্যান্ট ধরা পড়েছে। এবার তিনি আক্রান্ত হয়েছেন ওভারিয়ান ক্যানসারে। চিকিৎসকেরা এটিকে ‘হাই-গ্রেড কার্সিনোমা’ হিসেবে উল্লেখ করেছেন। বর্তমানে কেমোথেরাপি নিচ্ছেন এই অভিনেত্রী।
রোববার (২৩ আগস্ট) রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের বর্তমান শারীরিক ও মানসিক অবস্থার কথা জানান সামিয়া আফরিন। সেখানে তিনি জানান, প্রায় তিন মাস আগে পরীক্ষার পর তার শরীরে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট শনাক্ত হয়। এরপর দ্রুত অস্ত্রোপচার করা হয়। পরে চিকিৎসকেরা জানান, এটি হাই-গ্রেড কার্সিনোমা। এ কারণে এবার তাকে কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হচ্ছে।
সামিয়া আফরিন জানান, প্রথমবার ক্যানসার ধরা পড়ার পর তাকে কেমোথেরাপি নিতে হয়নি। ইমিউনোথেরাপির মাধ্যমে তখন তার চিকিৎসা চলেছিল। ফলে এবারের চিকিৎসার অভিজ্ঞতা তার জন্য একেবারেই ভিন্ন।
কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে যাওয়ার সম্ভাবনার কথাও চিকিৎসকেরা তাকে জানিয়েছেন। তবে বিষয়টি নিয়ে ভেঙে না পড়ে বাস্তবতাকে স্বাভাবিকভাবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াকেই তিনি গুরুত্বপূর্ণ মনে করছেন।
সেই ভাবনা থেকেই কেমোথেরাপির আগে নিজেই নতুন হেয়ারকাট নিয়েছেন সামিয়া। সামাজিক মাধ্যমে নিজের নতুন লুকের একটি ছোট ভিডিও ক্লিপও শেয়ার করেছেন তিনি। তার ভাষ্য, চুল পড়ে যাওয়ার আগে নতুন চেহারাটিকে উদযাপন করে নিজেকে কিছুটা অনুপ্রাণিত করতেই এই সিদ্ধান্ত।
এর আগে ২০২৫ সালের মার্চে নিজের ক্যানসার জয় করার গল্প প্রকাশ্যে এনেছিলেন সামিয়া আফরিন। তিনি জানিয়েছিলেন, ২০২২ সালের দিকে তার শরীরে চতুর্থ স্টেজের ক্যানসার শনাক্ত হয়েছিল। প্রায় দুই বছর চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন তিনি। পরবর্তীতে ক্যানসার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে একটি ফাউন্ডেশন গড়ে তোলেন এই অভিনেত্রী।
এবারের লড়াইয়ের কথা জানাতে গিয়ে সামিয়া বলেন, যারা ক্যানসারের মতো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন, তারাই এই লড়াইয়ের গভীরতা বুঝতে পারেন। নিজের কাছের কোনো মানুষ যেন এমন কঠিন সময়ের মুখোমুখি না হন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।
সবশেষে ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন সামিয়া আফরিন। আগের মতো এবারও শক্ত থাকার এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা জানিয়েছেন তিনি।
সামিয়ার এই নতুন লড়াইয়ে তার পাশে রয়েছেন অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী। সামাজিক মাধ্যমে তার পোস্টের পর অনেকেই দ্রুত সুস্থতার জন্য শুভকামনা ও দোয়া জানিয়েছেন।
নিউজ বাংলা চ্যানেল