ঢাকা | খ্রি.

নয়াদিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের সম্মেলন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2026 ইং | Photo Card
নয়াদিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের সম্মেলন ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক:  ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোরের আয়োজনে নয়াদিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ায় দায়িত্ব পালনরত মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের নিয়ে একটি আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারের এই আয়োজনে ওই অঞ্চলের ১১টি দেশে দায়িত্ব পালন করা মার্কিন কূটনীতিকরা অংশ নেন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই নিউজ জানায়, সম্মেলনে দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলোতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কার্যক্রম, আঞ্চলিক অগ্রাধিকার এবং নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কূটনৈতিক সহকর্মীদের স্বাগত জানিয়ে সার্জিও গোর বলেন, ভারতে দক্ষিণ ও মধ্য এশিয়ার সব মার্কিন রাষ্ট্রদূতকে একসঙ্গে পেয়ে তিনি আনন্দিত।

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অধীনে থাকা বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানরা এতে অংশ নেন।

সম্মেলনে অংশ নেওয়া কূটনীতিকরা আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে নিজেদের মধ্যে সমন্বয় করেন। বিশেষ করে কৌশলগত, অর্থনৈতিক ও নিরাপত্তা-সংক্রান্ত অগ্রাধিকার নিয়ে আলোচনা হয়।

সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও যোগ দেন। পরে এক্সে দেওয়া পোস্টে তিনি জানান, ভারতে অনুষ্ঠিত মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে পেরে তিনি আনন্দিত। সম্মেলনের আয়োজনের জন্য সার্জিও গোরের কথাও উল্লেখ করেন তিনি।

রুবিও বলেন, ১১টি দেশে দায়িত্ব পালন করা মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের সঙ্গে তিনি কথা বলেছেন। এসব কূটনীতিক যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে সোমবার ভারতের পাঞ্জাবের অমৃতসর সফর করেন সার্জিও গোর। সেখানে তিনি শিখদের অন্যতম পবিত্র ধর্মীয় স্থান স্বর্ণমন্দির পরিদর্শন করেন। পাশাপাশি জালিয়ানওয়ালাবাগ ও দেশভাগ জাদুঘরও ঘুরে দেখেন।

সফরের ছবি এক্সে প্রকাশ করে গোর বলেন, অমৃতসরে স্বর্ণমন্দির, জালিয়ানওয়ালাবাগ ও দেশভাগ জাদুঘর পরিদর্শনের দিনটি তার জন্য স্মরণীয় হয়ে থাকবে। উষ্ণ অভ্যর্থনার জন্য তিনি কৃতজ্ঞতাও জানান।

ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার পর দেশটির বিভিন্ন অঞ্চল সফরের অংশ হিসেবেই তিনি অমৃতসরে যান। এর আগে শ্রীনগর ও লেহ সফর করেছেন গোর।

এ ছাড়া ভারতের রাজস্থান সফরের সময় দেশটির সামরিক বাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস ২০২৬’ প্রত্যক্ষ করেন তিনি। একই সফরে বহুজাতিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’র দ্বিতীয় পর্বও দেখেন।

রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে গিয়ে গোর এক্সে জানান, সেখানে ‘যুদ্ধ অভ্যাস ২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। ভারত ও যুক্তরাষ্ট্রের সেনারা এই মহড়ায় একসঙ্গে প্রশিক্ষণ নিচ্ছেন বলেও জানান তিনি। দুই দেশের সেনাদের যৌথ প্রশিক্ষণ দেখার জন্য তিনি আগ্রহী ছিলেন বলে উল্লেখ করেন।

পরে মহড়ার অভিজ্ঞতা জানিয়ে গোর বলেন, মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে মার্কিন ও ভারতীয় সেনাদের একসঙ্গে প্রশিক্ষণ নিতে দেখে তিনি সন্তুষ্ট। তার ভাষ্য, এই মহড়া দুই দেশের প্রতিরক্ষা অংশীদারত্ব, পারস্পরিক আস্থা, প্রস্তুতি এবং একসঙ্গে কাজ করার সক্ষমতার প্রতিফলন।

মার্কিন ও ভারতীয় সেনাদের যৌথ কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্র গর্বিত বলেও উল্লেখ করেন তিনি। ফলে সার্জিও গোরের সাম্প্রতিক ভারত সফরে কূটনৈতিক বৈঠকের পাশাপাশি দেশটির বিভিন্ন অঞ্চল ও সামরিক কার্যক্রম পরিদর্শনের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কায় লাতিন আমেরিকার প্রবৃদ্ধির পূর

জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কায় লাতিন আমেরিকার প্রবৃদ্ধির পূর