ঢাকা | খ্রি.

জার্মানিতে হামাসের ৭ সন্দেহভাজন সদস্যের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 12, 2026 ইং | Photo Card
জার্মানিতে হামাসের ৭ সন্দেহভাজন সদস্যের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক:  জার্মানির বার্লিনে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও অস্ত্র সংগ্রহের অভিযোগে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সাত সন্দেহভাজন সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে দেশটির ফেডারেল প্রসিকিউটররা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বার্লিনের বিচার বিভাগীয় আদালত এ অভিযোগ গঠনের বিষয়টি জানায়।

জার্মান প্রসিকিউটরদের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, অভিযুক্তরা বিদেশি একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যপদ গ্রহণের পাশাপাশি জার্মানি ও প্রতিবেশী অস্ট্রিয়ায় বড় ধরনের হামলার প্রস্তুতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন।

প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, হামাসের ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশেই অভিযুক্তরা কাজ করছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার দ্বিতীয় বার্ষিকীকে সামনে রেখে ২০২৫ সালের অক্টোবরের শুরুতে জার্মানি অথবা অস্ট্রিয়ায় বড় ধরনের সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন তারা।

তদন্তকারীদের ভাষ্য, জার্মানিতে থাকা ইসরায়েলি প্রতিনিধি, ইহুদি জনগোষ্ঠী এবং ইসরায়েলপন্থী ব্যক্তিরা ওই হামলার সম্ভাব্য লক্ষ্য ছিলেন। পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে অভিযুক্তরা একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় রাইফেল, ১৩টি পিস্তল এবং ৭০০টির বেশি গুলি সংগ্রহ করেছিলেন।

জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এক বিবৃতিতে বলেছে, ষড়যন্ত্রটি ব্যর্থ করে দেওয়ার ঘটনায় স্পষ্ট হয়েছে যে হামাস ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জার্মানিতে অস্ত্র সংগ্রহ এবং হামলার পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি ‘গোপন লজিস্টিক নেটওয়ার্ক’ গড়ে তোলার চেষ্টা করছে।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে জার্মানির নিরাপত্তা বাহিনী দেশটির ইহুদি ও ইসরায়েলপন্থী স্থাপনা এবং জনগোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতার আহ্বান বাড়ার বিষয়ে ধারাবাহিকভাবে সতর্ক করে আসছে।

বার্লিন পুলিশ জানিয়েছে, আটক সাত সন্দেহভাজনকেই বর্তমানে রিমান্ডে ও বিচারিক হেফাজতে রাখা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স