সাভার প্রতিনিধি: ঢাকার সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকায় আয়েশা সিদ্দিকা রাযি বালিকা মাদ্রাসায় নিখোঁজ এক শিক্ষার্থীর পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, গত ১১ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে ওই মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মারিয়া আক্তার লিমা নিখোঁজ হয়। এ ঘটনায় তার পরিবারের সদস্যরা সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরে নিখোঁজ শিক্ষার্থীর বাবা-মা ও আত্মীয়স্বজন মাদ্রাসায় গিয়ে তার সন্ধান জানতে চান। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকসহ প্রায় ১০ জনকে মারধর করা হয় বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এদিকে, ঘটনার সময় সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলমগীর মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ নিয়ে সাংবাদিক ও নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের সদস্যদের হয়রানি করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
নিখোঁজ শিক্ষার্থীর বাবা নুরুল ইসলাম বলেন, “আমার মেয়ে নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সবাই চরম আতঙ্কের মধ্যে রয়েছি। আমরা তার সন্ধান চাই।”
মাদ্রাসার অধ্যক্ষ আলী আকবর কাসেমী বলেন, সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নিউজ বাংলা চ্যানেল