নিজস্ব প্রতিবেদক
ইতালির উদ্দেশে যাত্রার সময় তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে গেছে। এতে অন্তত ১৩ জন তিউনিসীয় নাগরিক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার তিউনিসিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান মুস্তাফা আবদেলকেবির এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নৌকাটি বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে তিউনিসিয়া থেকে ইতালির উদ্দেশে যাত্রা করেছিল।
উদ্ধার হওয়া দুজনের একজন জানিয়েছেন, নৌকাটি উল্টে যাওয়ার পর তারা কয়েক ঘণ্টা সাগরে ভেসে ছিলেন। অপর উদ্ধার ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আবদেলকেবির।
একসময় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার জন্য তিউনিসিয়া ছিল অভিবাসীদের অন্যতম প্রধান যাত্রাপথ। তবে গত দুই বছরে দেশটি থেকে অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপমুখী যাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে। এর পেছনে তিউনিসিয়া সরকারের কঠোর অভিযান এবং সমুদ্রে নজরদারি বাড়ানোর বিষয়টি অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। ইউরোপীয় অর্থায়নে, বিশেষ করে ইতালির সহযোগিতায়, দেশটির সীমান্ত ও উপকূলীয় এলাকায় আধুনিক নজরদারি সরঞ্জামও ব্যবহার করা হচ্ছে।
তবে গত মাসে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ কয়েক ডজন মানবাধিকার ও মানবিক সংগঠন অভিযোগ করে, ইইউ-তিউনিসিয়া অভিবাসন চুক্তির ফলে দেশটিতে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের ওপর নির্যাতন আরও বেড়েছে। তারা দাবি করে, অভিবাসীদের সঙ্গে এ ধরনের আচরণ অনেক ক্ষেত্রে নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।
সংগঠনগুলো তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট অভিবাসন ও সীমান্ত নিয়ন্ত্রণ কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন বন্ধের আহ্বান জানায়।
এ বিষয়ে তিউনিসিয়া সরকারের পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে দেশটির সরকার বারবার বলে আসছে, বিপুলসংখ্যক অভিবাসীর চাপের বড় অংশ তিউনিসিয়াকেই বহন করতে হচ্ছে। দেশটি দীর্ঘদিন ধরে ইউরোপের সঙ্গে অভিবাসন সংকট মোকাবিলায় আরও সহযোগিতা ও সহায়তার দাবি জানিয়ে আসছে।
নিউজ বাংলা চ্যানেল