জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচটি ছিল স্পেনের বিপক্ষে ফাইনাল। ওই ম্যাচে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। ফলে এই পরাজয়ের মধ্য দিয়েই আন্তর্জাতিক ফুটবলে মেসির শেষ অধ্যায় লেখা হয়েছে।
মেসিকে মাঠ থেকে আনুষ্ঠানিক ও স্মরণীয় বিদায় জানানোর পরিকল্পনা আগে থেকেই ছিল এএফএর। কিন্তু মেসির অবসরের ঘোষণায় সেই পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে। আসন্ন ফিফা আন্তর্জাতিক উইন্ডোকে সামনে রেখে আর্জেন্টিনা দলের জন্য চারটি প্রীতি ম্যাচের সূচি নির্ধারিত ছিল। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের ওই উইন্ডোতে চীনে সফর করার পরিকল্পনাও চূড়ান্ত করেছিল দলটি। মেসির অবসরের পর সেই বাণিজ্যিক সফরটি আর হওয়ার সম্ভাবনা নেই।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, এখন দেশের মাটিতেই বিশ্বকাপজয়ী অধিনায়ককে বিদায়ী সংবর্ধনা দেওয়ার কথা ভাবছে এএফএ। তবে এ পরিকল্পনা বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াতে পারে ফিফার দর্শকসংক্রান্ত বিধিনিষেধ।
ফিফার নির্দেশনা অনুযায়ী, আর্জেন্টিনার পরবর্তী দুটি হোম ম্যাচের প্রথমটিতে স্টেডিয়ামের মোট ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শক উপস্থিত থাকতে পারবেন। ফলে মেসিকে বড় পরিসরে বিদায় জানানোর আয়োজন নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
তবে শেষ পর্যন্ত পরিকল্পনাটি বাস্তবায়িত হবে কি না, সেটি অনেকটাই নির্ভর করছে মেসির নিজের সিদ্ধান্তের ওপর।
নিউজ বাংলা চ্যানেল