ইন্দোনেশিয়ার জাকার্তায় দলের অনুশীলন শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজের প্রত্যাশার কথা জানান ফারহান। হামজা চৌধুরিকে দক্ষিণ এশিয়ার ফুটবলারদের জন্য ‘রোল মডেল’ উল্লেখ করে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ এই উইঙ্গার বলেন, ‘দক্ষিণ এশীয় ফুটবলারদের জন্য তিনি (হামজা) একজন রোল মডেল। আশা করি মাঠে তাঁর সঙ্গে একটা যোগসূত্র তৈরি করতে পারব এবং বাংলাদেশকে জেতাতে পারব।’
ইংল্যান্ডেই ফারহানের জন্ম ও বেড়ে ওঠা। তবে তাঁর পরিবারের সবাই বাঙালি। সেই পারিবারিক পরিচয়ের কারণেই বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফারহান বলেন, ‘আপনি জানেন, আমার পুরো পরিবারই বাঙালি। বলতে গেলে আমি সিদ্ধান্তটা নিয়েছি—এতে তাঁরা খুব খুশি হয়েছেন। তাই আমি শুধু চাই, ভবিষ্যতেও যেন তাঁদের গর্বিত করতে পারি।’
প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়ার পর দলের সঙ্গে নিজের অভিজ্ঞতাও জানিয়েছেন ফারহান। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম থেকে ধারে ইংল্যান্ডের পঞ্চম স্তরের দল বোরহাম উডে খেলছেন তিনি। জাতীয় দলের অভিজ্ঞতা নিয়ে এই উইঙ্গার বলেন, ‘এখন পর্যন্ত অভিজ্ঞতাটা খুবই ভালো। বাংলাদেশের হয়ে এটাই আমার প্রথম অভিজ্ঞতা। দলের সবাই আমাকে দারুণভাবে গ্রহণ করেছে। আমাকে আপন করে নিয়েছে, সাহায্য করেছে, সমর্থন করেছে।’
দলকে নিয়ে আশাবাদী ফারহান আরও বলেন, ‘আমার মনে হচ্ছে, এখান থেকে আমরা আরও অনেক দূর এগোতে পারি। এই দলের অংশ হতে পেরে আমার মধ্যে অনেক গর্ব কাজ করছে। জাতীয় দলের হয়ে সত্যিই ভালো করতে চাই। আমার মনে হয়, আমরা সত্যিই কিছু একটা করতে পারি। দল হিসেবে এখান থেকে আরও অনেক কিছু গড়ে তুলতে পারি।’
আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসিয়ান কাপের অভিযান শুরু করবে বাংলাদেশ। ডিভিশন ১-এর বাকি দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া।
নিউজ বাংলা চ্যানেল