২০০৯ সাল থেকে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরে অসংখ্য স্মরণীয় মুহূর্তের জন্ম দিয়েছেন মেসি। ৩৯ বছর বয়সী এই তারকা আগামী মঙ্গলবার বুয়েনস এইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আলবিসেলেস্তেদের হয়ে নিজের ২০৮তম ও শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন। দীর্ঘ ক্যারিয়ারে তার নেতৃত্বে আর্জেন্টিনা জিতেছে বহুল কাঙ্ক্ষিত বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার শিরোপা।
ফরাসি ওয়েবসাইট ফুট মারকাতোর বরাত দিয়ে গোল ডটকম জানিয়েছে, মেসির বিদায়ের পর তার অবদানকে স্মরণীয় করে রাখতে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি আর কাউকে না দেওয়ার পরিকল্পনা করেছিলেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া। অর্থাৎ ভবিষ্যতে জাতীয় দলের কোনো খেলোয়াড় যেন এই নম্বরের জার্সি ব্যবহার না করেন, এমন সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছা ছিল তাদের।
কিন্তু এএফএর সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়িয়েছে ফিফার জার্সি-সংক্রান্ত নিয়ম। ফিফার বিধান অনুযায়ী, বিশ্বকাপ ও কোপা আমেরিকার মতো বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলোকে ১ থেকে ২৬ পর্যন্ত ধারাবাহিকভাবে জার্সি নম্বর বরাদ্দ করতে হয়। ফলে স্কোয়াড থেকে ১০ নম্বর জার্সি বাদ দেওয়া বা নম্বরটি ফাঁকা রাখার সুযোগ নেই।
অবশ্য কিছু প্রীতি ম্যাচে আর্জেন্টিনা চাইলে ১০ নম্বর জার্সি ব্যবহার না করেই মাঠে নামতে পারে। তবে কোনো স্বীকৃত আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক আসরে স্কোয়াডের একজন খেলোয়াড়কে অবশ্যই ১০ নম্বর জার্সি পরতে হবে।
ফলে মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেও আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির ঐতিহ্য অব্যাহত থাকবে। ২০৩০ বিশ্বকাপ কিংবা পরবর্তী কোপা আমেরিকায় নতুন কোনো আর্জেন্টাইন ফুটবলারের গায়ে দেখা যেতে পারে বিশ্ব ফুটবলের অন্যতম ঐতিহাসিক এই জার্সি।
নিউজ বাংলা চ্যানেল