ঢাকা | খ্রি.

হাম-রুবেলার টিকা নিয়েছে প্রায় ২ কোটি শিশু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2026 ইং | Photo Card
হাম-রুবেলার টিকা নিয়েছে প্রায় ২ কোটি শিশু ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে এখন পর্যন্ত প্রায় ২ কোটি শিশু টিকা নিয়েছে। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় এই সংখ্যা প্রায় ১০ শতাংশ বেশি। তবে দেশে এখনো হামের প্রাদুর্ভাব থাকায় ঝুঁকি কমাতে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ফের সারাদেশে ব্যাপক টিকাদান ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলমান কর্মসূচিতে প্রথমে ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর বিপরীতে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত টিকা পেয়েছে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ শিশু। অর্থাৎ লক্ষ্যমাত্রার ১০৯ দশমিক ৮ শতাংশ শিশু ইতোমধ্যে টিকার আওতায় এসেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি বছরের মার্চের শেষ দিকে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিলে পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেয় সরকার। এর অংশ হিসেবে ৫ এপ্রিল প্রথম দফায় ১৮ জেলার ৩০ উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়। এরপর ১২ এপ্রিল দ্বিতীয় দফায় ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, বরিশাল ও ময়মনসিংহ—এই চার সিটি করপোরেশন এলাকায় টিকাদান কার্যক্রম চালানো হয়। সর্বশেষ ২০ এপ্রিল থেকে তৃতীয় দফায় সারাদেশে একযোগে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়, যা এখনো চলমান।

স্বাস্থ্য অধিদপ্তরের হাম-রুবেলা টিকার সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি শিশু টিকা নিয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। এর মধ্যে ঢাকা বিভাগে ৪৯ লাখ ১৯ হাজার ৯১৩ জন এবং চট্টগ্রাম বিভাগে ৪৮ লাখ ৪১ হাজার ৯২৪ জন শিশু টিকা পেয়েছে।

এ ছাড়া রাজশাহী বিভাগে ২২ লাখ ১৩ হাজার ১৯৭ জন, রংপুরে ২০ লাখ ৭৩ হাজার ৪৮৮ জন, খুলনায় ১৬ লাখ ৯৫ হাজার ৭৭৯ জন, ময়মনসিংহে ১৫ লাখ ৩০ হাজার ৯১৬ জন, সিলেটে ১৩ লাখ ৮৫ হাজার ৮০৫ জন এবং বরিশালে ১১ লাখ ১০ হাজার ৬৯৮ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হয়েছে।

সিটি করপোরেশনগুলোর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫ লাখ ৫৭ হাজার ৬৮৮ জন, ঢাকা দক্ষিণে ৪ লাখ ১৮ হাজার ৯৭২ জন, চট্টগ্রামে ৩ লাখ ৩৬ হাজার ৮৭০ জন, গাজীপুরে ২ লাখ ৬ হাজার ৯২৭ জন, খুলনায় ৯৬ হাজার ৭৯২ জন, নারায়ণগঞ্জে ৮৩ হাজার ৬৯৭ জন, রংপুরে ৮২ হাজার ২৫৩ জন, সিলেটে ৭২ হাজার ৩৪৯ জন, রাজশাহীতে ৬৩ হাজার ৫৯ জন, ময়মনসিংহে ৬২ হাজার ৩০৫ জন, কুমিল্লায় ৪৮ হাজার ৬৪৩ জন এবং বরিশালে ৪৪ হাজার ১১৯ জন শিশু টিকা নিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান বলেন, শিশুদের টিকাদান একটি চলমান প্রক্রিয়া। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে ব্যাপকভাবে শিশুদের হামের টিকা দেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছে, সেটি সরকারের বাড়তি তৎপরতার অংশ।

তিনি বলেন, “এই কর্মসূচির মূল লক্ষ্য, যাতে কোনো শিশু টিকা গ্রহণ থেকে বাদ না পড়ে।”

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, চলমান কর্মসূচিতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও দেশে হামের সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় নতুন করে ক্যাম্পেইনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে টিকাদানের আওতার বাইরে থাকা শিশুদের শনাক্ত করে দ্রুত টিকা দেওয়ার পাশাপাশি হাম প্রতিরোধে জনস্বাস্থ্য সুরক্ষা আরও জোরদার করতে চায় সরকার।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু