আগের দিনের জয়ের আত্মবিশ্বাসকে সঙ্গী করে মাঠে এসেছিল অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনস। টানা দ্বিতীয় দিন ঘরের মাঠে দলকে উৎসাহ জোগাতে গ্যালারিতে দর্শকও ছিল বেশ। কিন্তু বাধ সাধল বৃষ্টি। প্রকৃতির বৈরিতায় খেলা শুরুই হতে পারল না। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস ও সেন্ট লুসিয়া কিংসের ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে। দুই দলেরই প্রাপ্তি একটি করে পয়েন্ট। এবারের আসরে অ্যান্টিগা ও বারবুডার হয়েই খেলছেন সাকিব আল হাসান। বাংলাদেশের অলরাউন্ডার এই ম্যাচেও ছিলেন একাদশে। প্রথম দুই ম্যাচে তিনি ব্যাটে-বলে ভালো করতে পারেননি। তার ছন্দে ফেরার অপেক্ষাও একটু দীর্ঘায়িত হলো এই ম্যাচ না হওয়ায়।
এই টুর্নামেন্টে রোববার দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে রানের জোয়ার বয়ে যায়। কলিন মানরোর ৫৭ বলে ১২০ রানের ইনিংসে ২০ ওভারে ২৩১ রান তোলে ত্রিনবাগো নাইট রাইডার্স। রান তাড়ায় সেন্ট কিটস অ্যান্ড নেভিস যেতে পারে ২০ ওভারে ২১৯ রান পর্যন্ত।
দিনের অন্য ম্যাচে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অবশ্য এত বেশি রানের আশা ছিল না। উইকেটের চরিত্রই এখানে অন্যরকম। অনেকটা সময় অপেক্ষার পর স্থানীয় সময় রাত ৮টায় টস হলো। ম্যাচ নেমে এলো ১৯ ওভারে। টস জিতে বোলিং নিয়ে অ্যান্টিগা অ্যান্ড বারবুডার অধিনায়ক ইমাদ ওয়াসিম বললেন, প্রতিপক্ষতে ১৩০-১৪০ রানের মধ্যে আটকে রাখতে চান তারা। কিন্তু খেলা শুরুর আগেই আবার শুরু হলো বৃষ্টি। একসময় সেই বৃষ্টিও থামল। কিন্তু ভেজা মাঠ আর খেলা শুরু হতেই দিল না। হার দিয়ে আসর শুরুর পর দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পায় অ্যান্টিগা অ্যান্ড বারবুডা। এবার পরিত্যক্ত ম্যাচের এক পয়েন্টে তিন ম্যাচে তাদের পয়েন্ট তিন।সাকিব প্রথম ম্যাচে করেন ১৬ বলে ১১, পরের ম্যাচে ১৩ বলে ১৩। দুই ম্যাচেই এক ওভার করে বোলিংয়ে কোনো উইকেট তিনি পাননি। এই সংস্করণে ৫০০ উইকেট ছুঁতে তার প্রয়োজন আর দুই উইকেট। সাকিবদের পরের ম্যাচ এই মাঠেই বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৫টায়।
খবর চিত্র- বিডি নিউজ
নিউজ বাংলা চ্যানেল