ঢাকা | খ্রি.

টানা ছয় মাস ৫ শতাংশের নিচে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2026 ইং | Photo Card
টানা ছয় মাস ৫ শতাংশের নিচে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

উচ্চ সুদহার, মূল্যস্ফীতি, জ্বালানি সংকট ও ব্যবসায়িক অনিশ্চয়তার প্রভাবে দেশের বেসরকারি খাতে ব্যাংকঋণের চাহিদা দুর্বল হয়ে পড়েছে। টানা ছয় মাস ধরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে রয়েছে। মার্চ থেকে আগস্ট পর্যন্ত কোনো মাসেই এ প্রবৃদ্ধি ৫ শতাংশের সীমা অতিক্রম করতে পারেনি। এতে বেসরকারি বিনিয়োগ, শিল্প সম্প্রসারণ ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৭২ শতাংশ। এপ্রিলে সামান্য বেড়ে দাঁড়ায় ৪ দশমিক ৭৫ শতাংশে। মে মাসে প্রবৃদ্ধি আরও বেড়ে ৪ দশমিক ৯৮ শতাংশে পৌঁছালেও ৫ শতাংশের সীমা অতিক্রম করতে পারেনি। এরপর জুনে তা উল্লেখযোগ্যভাবে কমে ৪ দশমিক ৪৭ শতাংশে নেমে যায়। জুলাইয়ে সামান্য বেড়ে ৪ দশমিক ৬২ শতাংশ হলেও আগস্টে আবার ৪ দশমিক ৭৫ শতাংশে অবস্থান করছে।

অর্থাৎ মার্চ থেকে আগস্ট—টানা ছয় মাস ধরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন বিনিয়োগ কমে যাওয়ায় উদ্যোক্তাদের বড় অঙ্কের ব্যাংকঋণের প্রয়োজনও কমেছে। একই সঙ্গে দেশের অনেক শিল্পপ্রতিষ্ঠান তাদের উৎপাদন সক্ষমতার পুরোটা ব্যবহার করতে পারছে না। ফলে ব্যবসা সম্প্রসারণ কিংবা নতুন কারখানা স্থাপনে ঋণের চাহিদা তৈরি হচ্ছে না। অভ্যন্তরীণ ভোগ ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের ধীরগতিও ঋণের চাহিদা কমিয়ে দিয়েছে।

এর সঙ্গে যুক্ত হয়েছে উচ্চ সুদহার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদের হার তুলনামূলকভাবে বেশি থাকায় ব্যাংকঋণের সুদহারও কমছে না। ফলে ঋণ নিয়ে বিনিয়োগের ক্ষেত্রে উদ্যোক্তাদের আগ্রহ কমেছে। উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসা সম্প্রসারণ করলে উৎপাদন খরচ ও আর্থিক দায় বাড়ার আশঙ্কায় অনেক উদ্যোক্তা নতুন ঋণ গ্রহণ থেকে বিরত থাকছেন।

ব্যবসার ব্যয় বাড়ানোর ক্ষেত্রে জ্বালানি সংকটও বড় ভূমিকা রাখছে। সংশ্লিষ্টদের অভিযোগ, অনেক প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ ব্যয় করেও প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছে না। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি পরিচালন ব্যয় বেড়েছে। ফলে বিদ্যমান ব্যবসা টিকিয়ে রাখাই যেখানে চ্যালেঞ্জ, সেখানে নতুন বিনিয়োগে যাওয়ার ঝুঁকি নিতে চাইছেন না অনেক উদ্যোক্তা।

সংশ্লিষ্ট ব্যাংকাররা বলছেন, ঋণের চাহিদা কমার পাশাপাশি ব্যাংকগুলোর ঋণ বিতরণেও সতর্কতা বেড়েছে। খেলাপি ঋণের চাপ, ঋণের গুণগত মান এবং ব্যাংকের আর্থিক ঝুঁকি বিবেচনায় নতুন ঋণ অনুমোদনে আগের তুলনায় কঠোরতা দেখাচ্ছে অনেক ব্যাংক। ফলে ঋণের চাহিদা ও সরবরাহ—উভয় দিকেই ধীরগতি তৈরি হয়েছে।

অর্থনীতিবিদদের মতে, বেসরকারি খাতে ঋণপ্রবাহ শিল্প, ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও বিনিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক। তাই দীর্ঘ সময় ধরে ঋণ প্রবৃদ্ধি কম থাকলে অর্থনীতিতে এর প্রভাব পড়তে পারে। বিশেষ করে নতুন বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণ বাধাগ্রস্ত হলে কর্মসংস্থান সৃষ্টির গতি কমে যাওয়ার পাশাপাশি উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন বলেন, নীতি সুদের হার বেশি থাকায় ঋণ প্রবৃদ্ধি বাড়ানো তুলনামূলকভাবে কঠিন। মূল্যস্ফীতি কমিয়ে আনতে না পারলে নীতি সুদের হার কমানো সম্ভব হবে না। কারণ এ অবস্থায় সম্প্রসারণমূলক মুদ্রানীতি গ্রহণের সুযোগ নেই। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পণ্যের সরবরাহব্যবস্থা ঠিক রাখার ওপরও গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, নির্বাচিত সরকার আসার পরও নতুন ব্যবসা করার ক্ষেত্রে ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত আস্থা পাচ্ছেন না। দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যাও আবার প্রকট হয়ে উঠেছে। অবকাঠামোগত সমস্যা শুধু রাস্তা, বন্দর কিংবা সেতুর মধ্যে সীমাবদ্ধ নয়; জ্বালানির দামও বেড়েছে। অনেক কারখানা বেশি দাম দিয়েও প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছে না। ফলে ব্যবসা পরিচালনার ব্যয় বাড়ছে।

অর্থনীতিবিদরা বলছেন, শুধু ব্যাংকঋণের প্রবৃদ্ধি বাড়ালেই অর্থনীতিতে কাঙ্ক্ষিত গতি ফিরবে না। ঋণ কোন খাতে যাচ্ছে এবং তা উৎপাদনশীল বিনিয়োগে কতটা ব্যবহার হচ্ছে—সেটিও গুরুত্বপূর্ণ। উৎপাদনশীল খাতে ঋণের ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি সুদের হার, জ্বালানি সরবরাহ, ব্যবসার পরিবেশ এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

বিশ্লেষকদের মতে, টানা ছয় মাস বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে থাকা অর্থনীতিতে বিনিয়োগের দুর্বল চাহিদার একটি গুরুত্বপূর্ণ সংকেত। আগামী মাসগুলোতে শিল্প ও ব্যবসায় নতুন বিনিয়োগ বাড়ে কি না, তার ওপরই ঋণের চাহিদা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরার বিষয়টি অনেকাংশে নির্ভর করবে। বিনিয়োগের পরিবেশের উন্নতি না হলে কম ঋণ প্রবৃদ্ধি বেসরকারি খাতের পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতেও দীর্ঘমেয়াদি চাপ তৈরি করতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
আজ থেকে শুরু একাদশে ভর্তির অনলাইন আবেদন

আজ থেকে শুরু একাদশে ভর্তির অনলাইন আবেদন