ঢাকা | খ্রি.

নিউইয়র্কে রদ্রিগেজের সঙ্গে ট্রাম্পের বৈঠক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 19, 2026 ইং | Photo Card
নিউইয়র্কে রদ্রিগেজের সঙ্গে ট্রাম্পের বৈঠক ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদন

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মঙ্গলবার এই বৈঠক হওয়ার কথা রয়েছে। ট্রাম্পের আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানের ফাঁকে দুই নেতার মধ্যে এ অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ।

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে ওয়াল্টজ বলেন, বৈঠকটি হবে ‘পুল-অ্যাসাইড’ ধরনের। কূটনৈতিক পরিভাষায় এর অর্থ হলো আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকের তুলনায় সংক্ষিপ্ত ও অনানুষ্ঠানিক আলোচনা। তবে বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

ট্রাম্প ও রদ্রিগেজের এটিই হবে প্রথম সরাসরি সাক্ষাৎ। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে তৎকালীন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর রদ্রিগেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেন। এর আগে তিনি মাদুরোর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

দুই দেশের সম্পর্কেও সাম্প্রতিক সময়ে নতুন যোগাযোগের মাত্রা তৈরি হয়েছে। গত মাসে ওয়াশিংটন ও কারাকাস ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদ ঘিরে একটি জ্বালানি চুক্তি ঘোষণা করে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই চুক্তির আওতায় ভেনেজুয়েলার তেল খাতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে।

নিউইয়র্ক সফরে ট্রাম্প আরও কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠক করবেন। ওয়াল্টজ জানান, তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। জিসিসির সদস্য দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত ও বাহরাইন।

জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনকে কেন্দ্র করে আগামী সপ্তাহে নিউইয়র্কে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং পররাষ্ট্রমন্ত্রীরা সমবেত হবেন। এই আন্তর্জাতিক সমাবেশের ফাঁকে ট্রাম্প-রদ্রিগেজ বৈঠক দুই দেশের সাম্প্রতিক যোগাযোগের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স