ঢাকা | খ্রি.

বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮০ কর্মকর্তাকে মাঠে পাঠানোর নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2026 ইং | Photo Card
বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮০ কর্মকর্তাকে মাঠে পাঠানোর নির্দেশ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : প্রাথমিক শিক্ষার মাঠপর্যায়ের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও মূল্যায়নের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮০ কর্মকর্তাকে দেশের বিভিন্ন উপজেলা ও থানায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিদপ্তরের আগস্ট মাসের মাসিক সমন্বয় সভায় নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

গত ২৮ সেপ্টেম্বর জারি করা অফিস আদেশে কর্মকর্তাদের নামের বিপরীতে নির্ধারিত উপজেলা ও থানার তালিকা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, আগামী ৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় সরেজমিন পরিদর্শন শেষ করে প্রতিবেদন জমা দিতে হবে।

অফিস আদেশে বলা হয়েছে, অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালকসহ শীর্ষ কর্মকর্তারা দেশের যেকোনো উপজেলা পরিদর্শন করতে পারবেন। পাশাপাশি অধিদপ্তরের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্দিষ্ট উপজেলা ও থানার তালিকাও করা হয়েছে।

তালিকায় জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলার উপজেলা রয়েছে।

মাঠপর্যায়ে যাওয়ার আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ বিভাগের পরিচালকের কাছ থেকে অনুমতি নিতে হবে। পরিচালকেরা তাদের অধীন কর্মকর্তাদের পর্যায়ক্রমে মাঠ পরিদর্শনের জন্য কর্মস্থল ত্যাগের অনুমোদন দেবেন।

নির্দেশনা অনুযায়ী, উপবৃত্তি বিভাগের কর্মকর্তারা নির্ধারিত ট্যুর ব্যবস্থার আওতায় তাদের নামের পাশে উল্লেখ করা উপজেলা বা থানার প্রাথমিক শিক্ষা অফিস এবং ওই এলাকার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করবেন। বিক্ষিপ্ত নমুনায়নের ভিত্তিতে একটি শহর ও দুটি গ্রামের বিদ্যালয় নির্বাচন করতে হবে। এ কর্মকর্তাদের সরেজমিনে দুই দিন অবস্থান করে পরিদর্শন, পর্যালোচনা ও পর্যবেক্ষণ সম্পন্ন করতে হবে।

অধিদপ্তরের অন্যান্য বিভাগের কর্মকর্তাদের ক্ষেত্রে নির্ধারিত উপজেলা বা থানার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে বিক্ষিপ্ত নমুনায়নের মাধ্যমে একটি শহর ও একটি গ্রামীণ বিদ্যালয় নির্বাচন করে সেখানে এক দিন অবস্থান করে পরিদর্শন, পর্যালোচনা ও পর্যবেক্ষণ করতে হবে।

পরিদর্শন শেষ হওয়ার পর নির্ধারিত ছকে বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করতে হবে। পরিদর্শন সম্পন্ন হওয়ার পরবর্তী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদনটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিবেদন জমা দেওয়ার প্রমাণক কপি টিএ/ডিএ বিলের সঙ্গে সংযুক্ত করাও বাধ্যতামূলক করা হয়েছে।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, প্রচলিত বিধি-বিধান অনুযায়ী কর্মকর্তারা নিজ নিজ বেতন খাত থেকে টিএ/ডিএ পাবেন। আর অধিদপ্তরে সংযুক্তিতে কর্মরত কর্মকর্তাদের টিএ/ডিএ বিল মাঠপর্যায়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে সংগ্রহ করতে হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মো. মাসুদ হোসেন গত সোমবার (৫ অক্টোবর) এ অফিস আদেশে স্বাক্ষর করেন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
কর্মসংস্থান কমছে, বাড়ছে বেকারত্বের চাপ

কর্মসংস্থান কমছে, বাড়ছে বেকারত্বের চাপ