‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নগরায়ণকে জনবান্ধব, পরিবেশসম্মত ও টেকসই করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে অনুষ্ঠানে।
সোমবার (৫ অক্টোবর) সকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবসের আলোচনা সভা শুরু হয়। এতে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
আলোচনা সভায় যোগ দেওয়ার আগে সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে ‘স্বর্ণচাঁপা’ গাছের একটি চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃক্ষরোপণের মধ্য দিয়ে তিনি পরিবেশবান্ধব নগরায়ণ ও সবুজ নগর গড়ে তোলার প্রতি গুরুত্বের বার্তা দেন।
এ সময় প্রধানমন্ত্রীকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি এবং মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় নিরাপদ ও সবার জন্য উপযোগী আবাসন নিশ্চিত করা, পরিকল্পিত নগরায়ণ, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই নগর ব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে।